কালীগঞ্জে অধ্যক্ষের নিষেধ অগ্রাহ্য করে কলেজের সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

0
ছবি: সংগৃহীত।

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥ কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সংস্কার কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে নির্ধারিত শিডিউল অনুসরন না করার অভিযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ।

প্রকৌশল অধিদফতরের অধীনে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের মেরামত ও সংস্কার কাজ প্রকল্পের আওতায় ‘মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। বর্তমানে কলেজের অ্যাকাডেমিক ভবন ও পুরাতন অনার্স ভবনের মেরামত ও সংস্কারকাজ চলছে।

ছবি: সংগৃহীত।

অভিযোগ রয়েছে, কাজের শিডিউলে নতুন ইট ব্যবহারের কথা থাকলেও সেখানে আগে ব্যবহৃত পুরাতন ইট ও ইটের টুকরা দিয়ে মেঝেতে সলিং করা হয়েছে। এছাড়া অ্যাকাডেমিক ভবনের মেঝে যথাযথভাবে প্রস্তুত না করেই টাইলস বসানোর কাজ করা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে একাধিকবার মৌখিকভাবে আপত্তি জানানো হলেও পুরাতন ইট ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরানো হয়নি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাদ হোসেন বলেন, ‘ঠিকাদার অত্যন্ত নিম্নমানের কাজ করছেন। আমরা বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি আমাদের কথা শুনছেন না। বিষয়টি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে অবহিত করেছি।’

এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী (পুর) তরিকুল ইসলাম জানান, ঠিকাদারকে শিডিউল অনুযায়ী কাজ করার বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে ইতোমধ্যে আপত্তিকর নির্মাণ সামগ্রী অপসারণের জন্য চিঠি দেওয়া হয়েছে। কাজের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হবে না।

অন্যদিকে, অনিয়মের অভিযোগের বিষয়ে ঠিকাদার জাকির হোসেন বলেন, ‘নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। আমি সাইটে ছিলাম না। এ সময় হয়তো শ্রমিকরা কিছু অনিয়ম করতে পারে।’