জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই

0
সংগীতশিল্পী সাহেদ ।। ফাইল ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ প্রখ্যাত সংগীতশিল্পী সাহেদ আর নেই। জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগে নিয়মিত ডায়ালিসিস নিতে হতো তাঁকে। সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু ও সংক্রমণসহ একাধিক জটিলতায় শারীরিক অবস্থার অবনতি হলে এবং গুরুতর রক্তক্ষরণ শুরু হলে গত বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এরশাদুল হক জানান, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃদু স্ট্রোকের কারণে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না এবং এর মধ্যে ডেঙ্গুও শনাক্ত হয়।

অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ রুবাইয়াত রহমান জানান, কিডনির অসুস্থতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহে ভুগছিলেন শিল্পী।

জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী ও ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।। ছবি: সংগৃহীত

সর্বশেষ অস্বাভাবিক রক্তক্ষরণ তাঁর শারীরিক পরিস্থিতি আরও জটিল করে তোলে। অসুস্থতার কারণে তাঁর দীর্ঘদিনের গানের আয়োজনও থেমে যায়। ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান জি-সিরিজের ব্যানারে সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ডে প্রকাশের পরিকল্পনা থাকলেও অসুস্থতার জন্য ৬ নভেম্বরের সেই অনুষ্ঠান বাতিল করা হয়।

এছাড়া ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য দিল্লি যাওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবনতিতে তা স্থগিত হয়। নতুন গান প্রকাশ ও সুস্থ হয়ে গানে ফেরার স্বপ্ন অপূর্ণ রেখেই তিনি বিদায় নিলেন।

উল্লেখ্য, শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং নব্বইয়ের দশক থেকে গান করা এই শিল্পী ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন। তাঁর অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’ এবং ১৯৯১ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয়।