মহেশপুরে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় মামলা

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে রাশেদ শেখ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী চুমকি বেগম বৃহস্পতিবার রাতে ২১ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জমির হোসেন জানান, মামলার বাদীর অভিযোগ তার স্বামীকে গরু চোর সন্দেহে বাড়ি থেকে ধরে স্কুল মাঠে নিয়ে গণপটুনিতে হত্যা করা হয়েছে। মামলাটি তদন্তের পর আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মহেশপুর থানার ইনস্পেক্টর (তদন্ত) ইসমাইল হোসেন জানান, গণপিটুনিতে চোর সন্দেহে রাশেদ শেখ নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর রাতে ভালাইপুর গ্রামের আব্দুল রাজ্জাকের গোয়াল থেকে বাছুরসহ গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় একই গ্রামের তহিদুল ইসলাম খাঁ দেখে ফেলেন। এ সময় চোরেরা তাকে দা দিয়ে তার ঘাড়ে কোপ দিলে তিনি চিৎকার করেন। পরে এলাকাবাসী রাশেদ শেখ (৪২) রাজদুল ইসলাম (৩২) ও বজলুর রহমান বটুকে (৫০) ধরে এনে গণপিটুনি দেয়। এতে রাশেদ শেখ নিহত হন।