অভয়নগরে সুন্দলী ইউনিয়নে উপনির্বাচন ১৫জুন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপনির্বাচন ১৫ জুন। ওই ওয়ার্ডের নির্বাচিত মেম্বার উত্তম সরকারকে (৩০) সন্ত্রাসীরা গত ১০জানুয়ারি রাত ৮টায় গুলি করে হত্যা করে। নির্বাচিত জনপ্রতিনিধিকে হত্যার পর ওই ওয়ার্ডকে শূন্য ঘোষণা করা হয়। অভয়নগর উপজেলা নির্বাচন অফিসার এসএম হাবিবুর রহমান শূন্য ঘোষিত ওই ওয়ার্ডে উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭মে, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬মে এবং ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৫জুন বুধবার। উপনির্বাচন সম্পর্কে রিটার্নিং অফিসার এসএম হাবিবুর রহমান জানান, শূন্য ঘাষিত ওই ওয়ার্ডে উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, উপনির্বাচনে ওই ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন জানান, শূন্য ঘোষিত ওই ওয়ার্ডে উপনির্বাচন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।