সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী তারেক রহমান

0
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত ঐতিহাসিক সার্বভৌমত্ব র‍্যালিতে নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।। ছবি: বাসস

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত ঐতিহাসিক সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার বিকেল ৩টার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‍্যালির উদ্বোধন করেন তিনি। বিএনপি ও অঙ্গসংগঠনের লাখো নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুহূর্তেই র‍্যালিটি একটি বিশাল জনসমুদ্রে রূপ নেয়।

এ সময় নেতাকর্মীদের হাতে ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড।

সার্বভৌমত্ব র‍্যালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে প্রদর্শিত সুসজ্জিত প্রতীকী ঘর ও বর্ণিল প্রদর্শনীর দৃশ্য ।। ছবি: বাসস

র‍্যালিটি শুরুর আগে বিকেল পৌনে ৩টা থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য র‍্যালিটি কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবন, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

রাজধানীর রাজপথে সার্বভৌমত্ব র‍্যালির অংশ হিসেবে প্ল্যাকার্ড, ফ্যামিলি কার্ড ও বিভিন্ন প্রতীকী পোস্টার নিয়ে অংশগ্রহণকারীদের বর্ণাঢ্য শোডাউন ।। ছবি: বাসস

র‍্যালিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, দলের শীর্ষস্থানীয় নেতা, সংসদ সদস্য এবং ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ২০ বছর পর নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হওয়ায় নতুন প্রজন্ম এই দিবসের সঠিক ইতিহাস ও তাৎপর্য জানার সুযোগ পাচ্ছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।