মণিরমপুরের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সেবা গ্রহীতাকে লাঞ্ছিত করার অভিযোগ

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন লিটনের বিরুদ্ধে সেবা নিতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ তুলেছেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম মুরাদ। সোমবার প্রেস ক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন তিনি এমন অভিযোগ করেন। এসময় তিনি বলেন, গত ১০ মে তিনি ছেলে ও মেয়ের জন্মনিবন্ধন সংশোধন করতে ইউনিয়ন পরিষদে যান। এসময় ই-সেবা কেন্দ্রের শাহজাহান তার ট্যাক্সের টাকা বাকি থাকায়, তাকে ফিরিয়ে দেন। পরে নজরুল ইসলাম টাকা পরিশোধের রশিদ নিয়ে চেয়ারম্যান আলমগীরের স্বাক্ষরের জন্য অপেক্ষা করেন। এসময় চেয়ারম্যান এসে সেবা গ্রহীতাকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি তাকে খুন জখমের হুমকি দেন। তিনি আরও বলেন,বিগত ইউপি নির্বাচনে আমি নৌকা প্রতীকের প্রার্থী বিপদ ভঞ্জন পাড়ের পক্ষে কাজ করার কারণে তিনি আমার সাথে এমন আচরণ করেন। চেয়ারম্যান আমাকে কটাক্ষ করে বলেন তোর এত বড় সাহস নৌকার নির্বাচন করে আমার কাছে এসেছিস,অমুকের কাছে যা। এই কথা বলে তিনি আমাকে জন্মবিন্ধন না দিয়ে তাড়িয়ে দেন। বিষয়টি তিনি লিখিতভাবে,মণিরামপুর থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানিয়েছেন। তিনি বলেন, চেয়ারম্যান আলমগীর হোসেন লিটন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে বহিষ্কার হন। ভুক্তভোগী নজরুল ইসলাম মুরাদ এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রীতা পাড়ে, হাদিাসকাটি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আওয়ামী লীগ নেতা তাপস বিশ্বাস, চাচা অলিম মোল্লা প্রমুখ। এ বিষয়ে চেয়ারম্যান আলমগীর হোসেন লিটনের বক্তব্য নেয়ার জন্য মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।