ব্রাদার টিটোস হোমে আর্ট এক্সিবিশন

0

শিশুদের আঁকা ও লেখায় ফুটে উঠে সুকোমল আবেগ

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের লালদীঘি পাড়ের ব্রাদার টিটোস হোম স্কুল আঙিনায় গতকাল অনুষ্ঠিত হয়েছে আর্ট এক্সিবিশন। শিশুদের আঁকা ও লেখায় ফুটে উঠে সুকোমল সব আবেগ। মোবাইলে ডুবে থাকা সন্তানদের উদ্ধারে মায়ের বাড়ানো হাত, শীতের আগমনে শান্ত প্রকৃতি, সিগ্ধ সকালের গ্রামসহ কয়েকশ ক্যানভাস স্থান পায় এ এক্সিবিশনে। অগ্রহায়ণের মিষ্টি বিকেলে শিশুদের এ শিল্পকর্ম উপভোগে অভিভাবক ও অতিথিদের ভিড় জমে যায়। কচিকাঁচাদের কলকাকলীর মাঝে চিত্র, ক্যালিগ্রাফি ও থ্রিডি আর্ট পরিদর্শনে দর্শক চিত্তশীতল হয়।
সোমবার ‘ইন্টারন্যাশনাল ডে অফ ইসলামিক আর্ট’ উদ্যাপন উপলক্ষে স্কুলটিতে অনুষ্ঠিত হয় বিটিএইচ আর্ট এক্সিবিশন-২০২৪। এক্সিবিশনটিতে প্রদর্শনের জন্য নার্সারি, কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির প্রায় ৮০ শিক্ষার্থী নিজেদের আঁকা চারটি করে ছবি জমা দেয়।
এক্সিবিশন চলাকালে সংক্ষিপ্ত পরিসরের আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি যশোর ক্যান্টনমেন্ট হাইস্কুলের সাবেক শিক্ষক মমতাজ উদ্দিন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন তিনি।
স্কুলটির অধ্যক্ষ আলী আজম টিটো জানান, এখানকার শিক্ষার্থীদের চার ধরনের ছবি আঁকা শেখানো হয়। জেনারেল ড্রয়িং ছাড়াও শেখানো হয় আরবি, বাঙলা, সংস্কৃতি ও ইংরেজি ক্যালিগ্রাফি, থ্রিডি আর্ট এবং টেকনিক্যাল ড্রয়িং। এ ছাড়া চর্চা করানো হয় বিউটিফুল হ্যান্ড রাইটিং উইথ ইলাসট্রেশন।