বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গাড়ি কেনার তথ্য পাঠাতে নির্দেশ

0

লোকসমাজ ডেস্ক॥ নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি সদস্যদের কোটি টাকার রেঞ্জ রোভার গাড়ির খবর সামনে আসার পর শুরু হয় বিতর্ক। ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কেউ বা প্রতিষ্ঠানের তহবিল থেকে এ ধরনের বিলাসবহুল গাড়ি কেনা হয়েছে কি না সে তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের সব বেসরকারি বিদ্যালয়কে এ তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয় সূত্র জানায়, নর্থ সাউথের সব ট্রাস্টি সদস্যরা তিন কোটি টাকা দামের রেঞ্জ রোভার গাড়ি কেনেন। বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে কেনা হয় এই গাড়ি। যা বেআইনি। আইনের তোয়াক্কা না করে গাড়ি কেনার বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরে এ বিষয়ে তদন্ত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দেওয়া হয় নির্দেশনা। যদিও গত তিন মাসে সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। কবে এ তদন্ত শেষ হবে তাও জানেন না কমিটির সদস্যরা। এর মধ্যে ৬ ফেব্রুয়ারি দেশের ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কতটি গাড়ি কেনা হয়েছে সে তথ্য ছক আকারে পাঠাতে বলে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৪৬ (৫) অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ জানুয়ারি পর্যন্ত কেনা মোট যানবাহনের সংখ্যাসহ ক্রয় সংক্রান্ত তথ্য ১৫ দিনের মধ্যে পাঠাতে অনুরোধ করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি বিশ্ববিদ্যালয়) একেএম আফতাব হোসেন প্রামানিক বুধবার জাগো নিউজকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আমরা তাদের কাছে যে কোনো বিষয়ের তথ্য চাইতে পারি। সেটিকে কেন্দ্র করে সব বিশ্ববিদ্যালয়ে ক্রয় করা গাড়ির তথ্য পাঠাতে বলা হয়েছে। গাড়ি ক্রয়ে কোনো অনিয়ম হয়েছে কি না সেটি খতিয়ে দেখা হবে। নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের গাড়ি কেনার বিষয়ে তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তারা খোঁজখবর নিচ্ছেন। তদন্ত কমিটি প্রতিবেদন পাঠাতে আরও সময় চেয়ে আবেদন করলে সময় বাড়ানো হয়। আশা করি দ্রুত প্রতিবেদন পাওয়া যাবে।