উদ্বোধনের অপেক্ষায় নবগঙ্গার দু পারের বাসিন্দাদের স্বপ্নের কালিয়া সেতু

0
ছবি: সংগৃহীত।

সুলতান মাহমুদ, নড়াইল ॥ নবগঙ্গার দু পারের বাসিন্দাদের স্বপ্নের ‘কালিয়া সেতু’ এখন উদ্বোধনের অপেক্ষায়। সেতু চালু হলে নড়াইল জেলার সাথে কালিয়া উপজেলা, গোপালগঞ্জ ও খুলনাসহ বিভিন্ন অঞ্চলের মানুষের সরাসরি যোগাযোগের দ্বার উন্মোচিত হবে।

৬৫১ দশমিক ৮৩ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ২৫ মিটার প্রস্থ কালিয়া সেতুর নির্মাণকাজ শতভাগ সম্পন্ন হয়েছে। জেলার বারইপাড়া ঘাটে নবগঙ্গা নদীর ওপর নির্মিত কালিয়া সেতু যাতায়াতের জন্য খুলে দেওয়া হলে বদলে যাবে জেলা সদর ও কালিয়া উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থার চিত্র। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে এই জনপদের জীবনমানেরও উন্নয়ন ঘটবে। নদীর দুই পারের বাসিন্দাদের মধ্যে আজন্মের দূরত্ব ঘোঁচাবে এই সেতু।

সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, এই সেতুর নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। যাতায়াতের জন্য সেতু চালু হলে সদর ও কালিয়া উপজেলার বিভিন্ন গ্রাম ও হাটবাজারের যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। সর্বস্তরের উন্নয়নের দুয়ার খুলে যাবে। এতে নড়াইল সদর ও কালিয়া উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের মধ্যেও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে। শিক্ষা ও সংস্কৃতির আদান-প্রদানের মাধ্যমে জেলা জুড়ে সমৃদ্ধির ছোঁয়া লাগবে।

তিনি বলেন, সেতুটি নির্মাণ হওয়ায় জেলা সদর, কালিয়া উপজেলা, খুলনা, গোপালগঞ্জ ও আশপাশের জেলা-উপজেলার সাথে যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটবে।

সওজ সূত্রে জানা গেছে, নড়াইল-কালিয়া সড়কের বারইপাড়া এলাকায় নবগঙ্গা নদীর ওপর ৬৫১ দশমিক ৮৩ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের কালিয়া সেতুর নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মোট ১৩৫ কোটি ৯২ লাখ ৫১ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত হয়েছে। সেতুর নির্মাণ কাজের শতভাগ ইতোমধ্যে শেষ হয়েছে।

কালিয়া উপজেলার বারইপাড়া ঘাট সংলগ্ন নোয়াগ্রামের বাসিন্দা নাইম শেখ বলেন, বারইপাড়া ঘাটে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু চালু হলে আমরা দ্রুততম সময়ের মধ্যে কালিয়া উপজেলা সদরসহ খুলনা ও আশপাশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবো। আগের মতো আমাদের কষ্টের দিন থাকবে না।

কালিয়ার ব্যবসায়ী খাইরুল ইসলাম বলেন, যাতায়াতের জন্য সেতু চালু হলে নদী ঘাটে নৌকার জন্য অপেক্ষা করে আর সময় পার করতে হবে না। এতে আমরা দ্রুততম সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছাতে সক্ষম হবো।
স্থানীয় লোকজন জানান, নড়াইল জেলা শহর থেকে কালিয়া উপজেলা সদরকে বিভক্ত করেছে নবগঙ্গা নদী।

এই নদীর ওপর বারইপাড়া ঘাটে নির্মাণ হওয়া সেতু চালু হলে নড়াইল সদর, কালিয়া উপজেলা ছাড়াও বাগেরহাট, গোপালগঞ্জ ও খুলনাসহ আশপাশের জেলার সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হবে।

সওজ নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ আরও বলেন, ইতোমধ্যে সেতুর শতভাগ কাজ সম্পন্ন হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে দ্রুতই যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হবে।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, নবগঙ্গা নদীর ওপর বারইপাড়া ঘাটে ‘কালিয়া সেতু’ চালু হলে নদী তীরবর্তী ও আশপাশের উপজেলা ও জেলার মানুষের জীবনে আধুনিকতার ছোঁয়া লাগবে। নদীমাতৃক নড়াইল উন্নয়ন ও সমৃদ্ধির মডেল জনপদ হিসেবে সর্বত্র পরিচিত লাভ করবে। যত দ্রুত সম্ভব সেতু চালুর জন্য চেষ্টা চলছে বলে তিনি জানান।