ঝিকরগাছায় এইচএসসিতে সেরা সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ, জেলায় অষ্টম স্থান

0
ঝিকরগাছা উপজেলায় এইচএসসি পরীক্ষায় আবারও শীর্ষস্থান অর্জন করেছে সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠানটি জেলায় অষ্টম স্থান লাভ করেছে।। ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রেখে আবারও উপজেলা পর্যায়ে শীর্ষস্থান অর্জন করেছে সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ। পাশাপাশি প্রতিষ্ঠানটি যশোর জেলায় অষ্টম স্থান লাভ করার গৌরব অর্জন করেছে।

শনিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এই কলেজ থেকে এবার ২০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩৬ জন উত্তীর্ণ হয়েছেন এবং কলেজটিতে পাসের হার প্রায় ৬৮ শতাংশ। এর মধ্যে সাধারণ বিভাগে সর্বোচ্চ ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিএমটি শাখায় ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন উত্তীর্ণ হয়ে ৮০ শতাংশ পাসের হার অর্জিত হয়েছে।

ঝিকরগাছায় এইচএসসি পরীক্ষায় ১২টি জিপিএ-৫ ও ৬৮ শতাংশ পাস নিয়ে আবারও উপজেলা পর্যায়ে শীর্ষস্থান এবং জেলায় অষ্টম স্থান অর্জন করেছে সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ।। ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠানটির এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে পরিচালনা পর্ষদের সভাপতি জাহিদুল ইসলাম সুমব এবং অধ্যক্ষ আহসানুর রহমান জানান, নিয়মিত পাঠদান, টিউটোরিয়াল পরীক্ষা গ্রহণ, শিক্ষকদের অক্লান্ত আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলাবোধই এই ধারাবাহিক সাফল্যের মূল ভিত্তি। তাঁরা এর সাথে জড়িত শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে ঝিকরগাছা উপজেলার অন্যান্য কলেজের ফলাফলের চিত্রে দেখা গেছে, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজে পাসের হার ৫৭ শতাংশ (কোনো জিপিএ-৫ নেই); ঝিকরগাছা মহিলা কলেজে পাসের হার ৫৩ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ১ জন; নতুনহাট পাবলিক কলেজে পাসের হার ৫৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৬ জন; গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজে পাসের হার ৫৮ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৪ জন; কায়েমকোলা কলেজে পাসের হার ৫৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ২ জন; বাঁকড়া ডিগ্রি কলেজে পাসের হার ২৩ শতাংশ (কোনো জিপিএ-৫ নেই); শিমুলিয়া কলেজে পাসের হার ৫১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ২ জন এবং রঘুনাথনগর কলেজে পাসের হার ২৮ শতাংশ (কোনো জিপিএ-৫ নেই)।