বেনাপোলে ব্লেন্ডারের মধ্যে ৯০ হাজার মার্কিন ডলার, আটক ১

0

বেনাপোল সংবাদদাতা॥ বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে ভারত ফেরত এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীর ব্লেন্ডার মেশিন তল্লাশি করে ৯০ হাজার মার্কিন ডলার, ৩২ হাজার ৪৮০ টাকা ও ১ হাজার ৬১০ রুপিসহ এক বাংলাদেশি হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটক মানিক মিয়া (৩৭) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আহম্মেদ হাসান জামিল জানান, গতকাল বুধবার দুপুরে একজন পাসপোর্টী যাত্রী ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে তার পাসপোর্টের কার্যক্রম সম্পন্ন করেন। বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির স্ক্যানার রুমে আসলে যাত্রীর লাগেজ তল্লাশি করে একটি ব্লেন্ডার মেশিনের মধ্যে থেকে ৯০ হাজার ডলার, ৩২,৪৮০ টাকা ও ১৬১০ রুপি উদ্ধার করা হয়। এসময় মানিক মিয়াকে আটক করা হয়।
আটক মানিক মিয়া প্রাথমিক জিঞ্জাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ডলার ও রুপি পাচার করে আসছিলেন। তাকে মামলা দিয়ে উদ্ধারকৃত ডলার, টাকা ও রুপিসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।