যশোর ২৫০ শয্যা হাসাপাতালে টেন্ডারবাজি

0

 

স্টাফ রিপোর্টার॥ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ২০২২-২০২৩ অর্থবছরের মেডিকেল সার্জিক্যাল রিকোজিটের (এমএসআর) ৮ কোটি ৫০ লাখ টাকার দরপত্র জমাদানে ঠিকাদারদের বাঁধা দেবার অভিযোগ উঠেছে।  সোমবার সকালে শহরের মুখ চেনা দুই সন্ত্রাসীর নেতৃত্বে ঠিকাদারদের সিডিউল ছিনতাই করা হয়। পুলিশের উপস্থিতিতে একাজ হলেও তারা ছিলেন নিরব। এতে ঠিকাদারদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। বিষয়টি ঠিকাদাররা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন।
মাগুরার ঠিকাদার আজিজুল হক জানান, গতকাল ছিল যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এমএসআর এর দরপত্র জমাদানের শেষ দিন। এদিন মামুন ড্রাগস ও অপরাজিতা ড্রাগসের নামে ১২টি সিডিউল জমা দিতে গেলে পুলিশের উপস্থিতিতে একদল সন্ত্রাসী ১২টি সিডিউল ছিনিয়ে নিয়ে আমাদেরকে মারধর করে হাসপাতাল থেকে বের করে দেয়। পরে বিষয়টি আমরা হাসপাতালের তত্ত্বাবধায়ককে লিখিতভাবে জানিয়েছি। পুলিশের উপস্থিতিতে এভাবে প্রকাশ্যে দরপত্র ছিনিয়ে নেয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, শুধু আমি নয়, বাইরে থেকে যারা দরপত্র জমা দিতে এসেছিল তাদেরকে জোর করে বের করে দেয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলে হাসপাতালের দরপত্র দাখিলের কার্যক্রম। ২০২২-২০২৩ অর্থবছরের মেডিকেল সার্জিক্যাল রিকোজিটের (এমএসআর) সাড়ে ৮ কোটি টাকার দরপত্রের সিডিউল বিক্রি হয় ৬টি গ্রুপের মোট ১৮১টি। কিন্তু সন্ত্রাসীদের প্রকাশ্য বাঁধার কারণে দরপত্র দাখিল হয়েছে মাত্র ১৩টি। এরমধ্যে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে দাখিল হয়েছে ৬টি এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে দাখিল হয়েছে ৭টি দরপত্র। টেন্ডারগুলো খোলার পরে ক গ্রুপে ৩টি, খ গ্রুপে ২টি, গ গ্রুপে ২টি, ঘ গ্রুপে ২টি, ঙ গ্রুপে ২টি, চ গ্রুপে ২টি দরপত্র জমা পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ পরিস্থিতিতে ওই টেন্ডার বাতিল করে পরবর্তীতে দরপত্র জমাদানের সময় বৃদ্ধি এবং পুনরায় দরপত্র দাখিলের সুযোগ দেয়ার জন্যে তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামানের কাছে মো. আজিজুল হক লিখিত আবেদন করেছেন।
তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামান বলেন, নিয়মে যা আছে সে মোতাবেক কাজ করা হবে। গতকাল হাসপাতালে সন্ত্রাসী কর্তৃক ঠিকাদারকে মারপিট ও দরপত্রের সিডিউল ছিনিয়ে নেয়ার ব্যাপারে সেখানে উপস্থিত পুলিশের এসআই মেহেদী হাসান ও এসআই শরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তারা বলেন, হাসপাতালতো-তাই বুঝে উঠতে পারিনি। রোগীর মধ্যে সন্ত্রাসীদের চেনা দুঃস্কর হয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যে ঘটে গেছে এ ঘটনা। পরে সবাইকে তাড়িয়ে দেয়া হয়।