যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বড় বিপর্যয়: চার ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হলো বিমান চলাচল

0
ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের ব্যস্ত একটি বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীরা। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ পুরাতন হার্ডওয়্যার ও রাউটারের অতিরিক্ত ডেটা চাপের কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দেশজুড়ে রাডার, যোগাযোগ ব্যবস্থা ও নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দেওয়ায় রাউটার থেকে অসামঞ্জস্যপূর্ণ তথ্য আসতে শুরু করে। এর ফলে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সারা দেশে ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিতে বাধ্য হয়।

মার্কিন পরিবহনমন্ত্রী তাদের এই উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থাকে অত্যন্ত পুরোনো বলে উল্লেখ করে জানান, সিস্টেমটি ঢেলে সাজানোর জন্য কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দ প্রয়োজন।

এর আগে সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ত্রুটির কারণে এই বড় ধরনের বিপর্যয় ঘটেছে কি না, এমন জল্পনা নাকচ করে দেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন।

হোয়াইট হাউসের ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি।। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে সাংবাদিকদের তিনি স্পষ্ট জানান, এর পেছনে কোনো সাইবার হামলা বা মাইক্রোসফট বিপর্যয়ের সংশ্লিষ্টতা নেই এবং দেশের জন্য কোনো নিরাপত্তার হুমকিও নেই। পুরো বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছিল।

স্থানীয় সময় শুক্রবার এফএএ ‘অস্বাভাবিক পরিস্থিতি’ ও নিরাপত্তার কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরগুলো থেকে উড়োজাহাজ উড্ডয়ন বন্ধ রাখতে বলেছিল। এর ফলে ২০২৩ সালের জানুয়ারি মাসের প্রায় দেড় ঘণ্টার নিষেধাজ্ঞা ছাড়িয়ে দীর্ঘ সময়জুড়ে এ অচলাবস্থা বজায় থাকে।

এদিকে মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তরও দেশজুড়ে ইন্টারনেট ও যোগাযোগের সমস্যার কথা জানিয়েছে এবং প্রযুক্তিবিদরা তা সমাধানে কাজ করছেন বলে নিশ্চিত করেছে।