বেনাপোলে চোরাচালানের সোনা বহনকারীকে হত্যায় জড়িত ৩ জনকে ঢাকা থেকে আটক

0

স্টাফ রিপোর্টার॥ বেনাপোলে চোরাচালানীদের ৩ কেজি সোনার বার আত্মসাতের অভিযোগে বহনকারী ওমর ফারুক সুমনকে হত্যায় জড়িত তিন জনকে আটক করেছে ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ঢাকার শাখারীবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ১টি মাইক্রেবাস জব্দ করা হয়েছে। তবে ওমর ফারুক সুমন হত্যায় মূল অভিযুক্ত বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেনকে এখনও পর্যন্ত ডিবি পুলিশ আটক করতে পারেনি।
ঢাকা থেকে আটকরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার আলিকামুড়া এলাকার সুনিল চন্দ্র দাসের ছেলে বর্তমানে ঢাকার শাখারীবাজারের কৈলাশ ঘোষ লেনস্থ হক ভিলার ৪ তলার বাসিন্দা ডালিম কুমার দাস (৩৩), কুিমল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের ঠাকুর দাস নিয়োগির ছেলে বর্তমানে ঢাকার শাখারীবাজারের মিন্টু ধর বিল্ডিংয়ের ৬ তলার বাসিন্দা অঞ্জন নিয়োগি (৪৯) ও পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের দৌলত মুন্সীর ছেলে বর্তমানে ঢাকার ফকিরাপুলের আবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. রিয়াজ (৩৮)।
ডিবি পুলিশ সূত্র জানায়, সুমনকে অপহরণ ও হত্যার ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপারের নির্দেশে জড়িতদের ধরতে মাঠে নামে ডিবি পুলিশ। মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম ও এসআই শামীম হোসেন ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করেন। এরপর জড়িতদের মোবাইল ফোন নম্বর ট্রাকিং করে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শাখারীবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে হত্যায় জড়িত অভিযোগে ডালিম কুমার দাস, অঞ্জন নিয়োগি ও রিয়াজকে আটক এবং তাদের ব্যবহৃত ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডিবি পুলিশকে জানান, চোরাচালানীদের ৩ কেজি ওজনের ২৫টি সোনার বার খোয়া যাওয়ায় বেনাপোলের কামাল গং সুমনকে সন্দেহজনকভাবে আটক এবং মারধর করে। তারা সুমনের কাছ থেকে সোনা উদ্ধার করতে না পেরে তাকে হত্যার পর লাশ মাগুরার রামনগর নামক স্থানে ঝিনাইদহ সড়কের পাশের একটি ঝোপের মধ্যে ফেলে দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুরাদ হোসেন জানান, আটকদের শুক্রবার যশোরের আদালতে সোপর্দ করা হলে এর মধ্যে ডালিম কুমার দাস ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তার জবানবন্দি গ্রহণ করেন।
ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, ঢাকার একটি চোরাচালানী চক্র শার্শা উপজেলার বুরুজবাগান এলাকার সোবহানের ছেলে এবং সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের ভাই সোহেলের মাধ্যমে ভারতে সোনা পাচার করে থাকে। ওই চক্রটি সোহেলের কাছে ২৫ পিস সোনার বার পাঠিয়েছিলো ভারতে পাচারের জন্য। এরপর সোহেল তার সিন্ডিকেটের কামালের কাছে হস্তান্তর করে ওই সোনার বার। এরপর কামালের কাছ থেকে পর্যায়ক্রমে তরিকুল ও পলাশের হাতবদল হয়ে চালানটি যায় বহনকারী সুমনের কাছে। গত ১১ নভেম্বর সন্ধ্যায় ২৫ পিস সোনার বার ভারতে পাচারের কথা ছিলো সুমনের। কিন্তু কামাল গং পরে জানতে পারে, সোনার বারগুলো পাচার হয়নি। এরপর তারা রাত ৯টার দিকে সুমনকে ডেকে নিয়ে বেনাপোলের গাজীপুরের শাহাবুদ্দিনের বাড়িতে যায়। সেখানে গিয়ে সোনা কোথায় জানতে চাইলে সুমন ছিনতাই হয়ে গেছে বলে তাদের জানান। কিন্তু তারা তার কথায় বিশ্বাস না করে আত্মসাতের অভিযোগ এনে তাকে প্রচন্ড মারধর করে। এরই মধ্যে সোহেল তার বন্ধু ঢাকায় সিন্ডিকেটের অন্যতম সদস্য ডালিম কুমার দাসকে মোবাইল ফোন করে বিষয়টি জানান। সাথে সাথে ডালিম এবং সোনা চোরাচালান সিন্ডিকেটের অন্যতম হোতা অঞ্জন রিয়াজকে নিয়ে মাইক্রোবাসে করে বেনাপোলে চলে আসেন। তারা এসে সুমনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। এরপর ১১ নভেম্বর দিবাগত রাত পৌনে ৫টার দিকে আহত সুমনকে মাইক্রোবাসে উঠিয়ে কথিত আত্মসাতকৃত সোনা উদ্ধারের চেষ্টা চালায়। বেনাপোলে সুমনকে মাইক্রোবাসে ওঠানোর এই দৃশ্য স্থানীয় সিসিটিভি’র ফুটেজে ধরা পড়ে।
সূত্র জানায়, আটকরা ডিবি পুলিশের কাছে স্বীকার করেছেন যে, মারধরের কারণে সুমন মারা যাওয়ায় তার লাশ একটি প্রাইভেটকারে তুলে মাগুরায় নিয়ে ফেলে আসে কামাল গং। সূত্রটি আরো জানায়, তারা সন্দেহ করছে, ভারতে পাচারের আগেই কামাল গং নিজস্ব লোক দিয়ে সুমনের কাছ থেকে স্বর্ণ ছিনতাই করে নেয়। আর বিষয়টি ধামাচাপা দিতে আত্মসাতের দায় চাপিয়ে দেওয়া হয় বহনকারী সুমনের ওপর। এরপর তাকে মারধর এবং হত্যা করা হয়।