খুলনায় দুটি ওয়ানশ্যুটার গান ও কার্তুজসহ অস্ত্র ব্যবসায়ী আটক

0

খুলনা ব্যুরো ॥ খুলনার তেরখাদায় দুটি ওয়ান শ্যুটারগান ও ১১ রাউন্ড কার্তুজসহ তৌফিকুল ইসলাম (২৬) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত পৌঁনে ১টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজিক গ্রামের একটি মসজিদের পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র‌্যাব-৬ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তারেক আনাম বান্না জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন, কিছু লোক মাদকদ্রব্য কেনা-বেচা ও চোরাচালানের উদ্দেশ্যে উল্লিখিত স্থানে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত পৌঁনে ১টার দিকে ওই স্থানে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী তৌফিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শ্যূটারগান, ১১ রাউন্ড কার্তুজ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক তৌফিকুল তেরখাদা উপজেলার পারহাজিক গ্রামের সাঈদ মোল্লার ছেলে। তাকে তেরখাদা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।