বিলুপ্ত প্রায় খানজাহান আলী(রহ.) দিঘির মিঠা পানির কুমির

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী মাজারের দিঘির মিঠা পানির কুমির বিলুপ্ত প্রায়। প্রতিবছর কুমির ডিম দিলেও বাচ্চা না ফোটায় উদ্বিগ্ন মাজার সংশ্লিষ্টরা। খানজাহানের ঐতিহ্য ধরে রাখতে মিঠাপানির কুমির রক্ষায় কর্তৃপক্ষের কাছে দাবি তাদের। তবে বয়সের কারণে প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলায় দিঘিতে নতুন করে নারী ও পুরুষ দুটি কুমির আনা হলে ডিম থেকে বাচ্চা ফোটানো সম্ভব বলে জানান বন বিভাগের কুমির প্রজনন কেন্দ্রের কর্মকর্তারা।
খানজাহান আলী (রহ.) -র মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, ধারণা করছি প্রায় মাস খানেক আগে কুমিরটি দিঘির পূর্ব পাড়ের বিনা ফকিরের বাড়ির পাশে ডিম পেড়েছে। কয়েকদিন আগে আমাদের চোখে পড়েছে। এই নিয়ে অনেকবার এই মা কুমিরটি দিঘিতে ডিম পেড়েছে। কিন্তু কখনও বাচ্চা হয়নি। এভাবে বাচ্চা না হলে কুমিরের বংশ বৃদ্ধি হবে না। মাজারের দিঘি থেকে মিঠা পানির কুমির হারিয়ে যাবে। যার ফলে মাজারের ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে না বলে জানান তিনি।
ডিম দিলেও বাচ্চা না ফোটার কারণ অনুসন্ধানে কাজ করেছে বাগেরহাট জেলা প্রাণিসম্পদ বিভাগ ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তাগণ। তাদের দাবি বয়সের কারণে প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলায় মাজারের কুমিরের ডিমে বাচ্চা ফুটছে না।
সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, বয়সের কারণে প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলায় দিঘিতে থাকা মিঠাপানির কুমির দুটি বারবার ডিম দিলেও কোন বাচ্চা হচ্ছে না। এছাড়া এখানে থাকা কুমিরদের খাবারের বিষয়ে কোন নিয়ন্ত্রণ নেই। মাজারে আসা ভক্ত ও দর্শনার্থীরা খাবার হিসেবে যে যার মত চর্বিযুক্ত মাংস প্রদান করেন। যার ফলে কুমির দুটোর পেটে অতিরিক্ত চর্বি জমে গেছে। বাচ্চা না ফোটার এটাও অনেক বড় কারণ। তবে নতুন করে অল্প বয়সী দুটি নারী-পুরুষ কুমির দিঘিতে ছাড়তে পারলে বাচ্চা ফোটানো সম্ভব বলে মনে করেন তিনি।
সুলতানী শাসন আমলে খ্রিস্টীয় ১৪ শতকের প্রথম দিকে হযরত খানজাহান আলী (রহ.) বাগেরহাটে ‘খলিফতাবাদ’নগর রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এ সময় তিনি ৩শ ৬০টি দিঘি খনন করেন। এর মধ্যে সব থেকে বড় ‘ঠাকুর দিঘি। স্থানীয়দের ধারণা এই দিঘির আয়তন ৩৬০ একর। যে দিঘির পাড়ে তার সমাধী রয়েছে। এই দিঘিতে তিনি দুটো মিঠাপানির প্রজাতির কুমির এনেছিলেন। যাদের নামছিল ‘কালাপাহাড় ও ‘ধলাপাহাড়। খানজাহান (রহ) -র মৃত্যুর পর মাজারের খাদেম ও ভক্তরা ওই কুমির দুটিকে নিয়মিত খাবার দিতেন। দীর্ঘদিন পর্যন্ত ওই কুমির যুগলের বংশধরেরা এখানে বসবাস করে আসছিল। কিন্তু বিভিন্ন সময় এই দিঘির কুমির মারা যাওয়ার পরে মাত্র দুটি কুমির ছিল। এরই মাঝে মাজারের দিঘিতে মিঠাপানির কুমিরের বংশবিস্তারের জন্য ২০০৫ সালে ভারতের মাদ্রাজ থেকে ছয়টি কুমির এনে এখানে ছাড়া হয়। মাদ্রাজি কুমির হিংস্র প্রকৃতির ছিল। তাদের মারামারির কারণে হযরত খানজাহান (রহ) -র আমলের একটি কুমির ‘কালা পাহাড় অসুস্থ হয়ে পড়ে। ২০০৬ সালে কুমিরটি মারা যায়। সর্বশেষ ২০১৫ সালে অবশিষ্ট কুমির ধলা পাহাড়ের মৃত্যু হয়।এর মধ্য দিয়ে খানজাহান আলী (রহ) -র আমলের কুমির যুগের সমাপ্তি ঘটে। এই সময়ে মাদ্রাজ থেকে আনা ৬টি কুমিরের চারটি কুমির মারা যায়। বর্তমানে দিঘিতে দুটি কুমির রয়েছে।