বিচালির মহামূল্য

0

এম.এ. রহিম চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় বিচালির দাম বেড়ে যাওয়ায় খামারিরা গো-খাদ্য সংকটে পড়েছেন। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বর্ষণে ক্ষেতের আমন ধান পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে বিপুল পরিমাণ বিচালিও। যে কারণে বাজারে বিচালি প্রতি কাউনে ৬ হাজার টাকারও বেশি দামে বেড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে উপজেলার ৫৩০ হেক্টর জমির আমন ধানের ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে ক্ষেতে কেটে রাখা পাকা ধান ডুবে নষ্ট হয়েছে। ফলে বিপুল পরিমাণ বিচালিও নষ্ট হয়েছে।


উপজেলার মাজালী গ্রামের খামারি আশাদুল ইসলাম বলেন, বৃষ্টির আগে ১ কাউন বিচালির দাম ছিল ২ হাজার থেকে আড়াই হাজার টাকা। বৃষ্টির পরে তা বেড়ে হয়েছে ৮ হাজার থেকে ৯ হাজার টাকা। দাম বাড়লেও বাজারে বিচালি তেমন একটা পাওয়া যাচ্ছে না। ফলে অনেকেই গরু বিক্রি করে দিচ্ছেন। তবে গরুর দামও এখন ভালো পাওয়া যাচ্ছে না বলে আশাদুল ইসলাম জানান। তিনি বলেন, যে গরুর দাম হয়েছিল ১ লাখ ৬০ হাজার টাকা রবিবার সেই গরু বিক্রি হয়েছে ১ লাখ ২০ হাজার টাকায়। উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নওশের আলী বলেন, আমার তিন বিঘা জমির ধান কেটে জালি দিয়ে রাখা ধানের ওপরে হাঁটু পানি উঠেছিল। আমার ছেলেরা ধানের আগা কেটে ধান সংগ্রহ করেছিল। ট্রলিতে ও মাথায় করে ভেজা ধানই বাড়িতে আনি। পানিতে ভিজে সব বিচালি নষ্ট হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, বৃষ্টিতে আমন ধান ও বিচালির ব্যাপক ক্ষতি হয়েছে। তাই শুকনা বিচালির দাম বেড়ে গেছে। ফলে উপজেলায় গোখাদ্য সংকটের আশঙ্কাও রয়েছে।