বাগেরহাটে ২২ বছর পর বেড়িবাঁধ সংস্কার শুরু

0

বাগেরহাট সংবাদদাতা॥ দীর্ঘ ২২ বছর পরে বাগেরহাটের ভৈরব নদের পাশের ভাতছালা থেকে মুনিগঞ্জ পর্যন্ত বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভাতছালা এলাকা থেকে এই সংস্কার কাজের উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহ। এসময় পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের উপবিভাগীয় প্রকৌশলী কুমার সস্তিক, বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগরসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নাজিরপুর উপপ্রকল্পের অধীনে ৯০ লাখ টাকা ব্যয়ে ভাতছালা থেকে মুনিগঞ্জ পর্যন্ত তিন কিলোমিটার বাঁধ সংস্কার করা হবে। দীর্ঘদিন পরে সংস্কার কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। চরগ্রাম এলাকার ব্যবসায়ী খোকন শেখ বলেন, দীর্ঘ ২২ বছর ধরে নদীর জোয়ার ভাটার ওপর নির্ভর করে আমাদের জীবন-যাপন করতে হত। মারুফ হোসেন বলেন, বাঁধ না থাকায় যখন তখন লবণ পানি উঠে আমাদের ফসল নষ্ট হয়ে যেত তখন ঘের ও পুকুরের মাছ ভেসে যেত। এই বাঁধ হলে বর্ষা মৌসুম ও ভরা জোয়ারের পানি থেকে আমরা রক্ষা পাব। এই এলাকার মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পানির উচ্চতা নির্ধারণ করে এই বাঁধ নির্মান করা হচ্ছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।