মোংলা নদীতে ২৪ ঘণ্টা দুই ফেরি চালু, কমবে মানুষের দুর্ভোগ: প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

0
মোংলা নদীতে ২৪ ঘণ্টা দুই ফেরি চালু

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা, লোকসমাজ : মোংলা বন্দর, ইপিজেডের শ্রমিক, রোগী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে মোংলা নদীতে শুক্রবার থেকে ২৪ ঘণ্টা দুইটি ফেরি সার্ভিস চালু করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
শুক্রবার সকালে মোংলা নদীতে ফেরি চলাচল কার্যক্রমের উদ্বোধন এবং মোংলা পোর্ট পৌরসভার ঠাকুরানী খাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এতদিন মোংলা নদীতে জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল মাত্র একটি ফেরি চলাচল করায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে মোংলা বন্দর ও ইপিজেডের হাজারো শ্রমিক, শিক্ষার্থী, রোগী এবং সাধারণ মানুষের যাতায়াতে প্রতিনিয়ত ভোগান্তি সৃষ্টি হতো। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন একটি ফেরি সংযোজন করায় এখন থেকে দুইটি ফেরিই ২৪ ঘণ্টা চলাচল করবে। এতে মানুষের যাতায়াত আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন হবে।
তিনি আরও বলেন, ফেরি চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল নিয়মিত খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে নৌযান চলাচলের সক্ষমতা বাড়বে এবং মোংলা বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে।
প্রতিমন্ত্রী জানান, নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে মোংলা পোর্ট পৌরসভার প্রধান জলাধার ঠাকুরানী খাল উদ্ধারের কাজও শুরু হয়েছে। খালের ময়লা-আবর্জনা অপসারণের কাজ শেষ হয়েছে এবং বর্তমানে সীমানা নির্ধারণ ও পরিমাপের কার্যক্রম চলছে। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড খালটি পুনঃখননের কাজ শুরু করবে।
তিনি বলেন, ঠাকুরানী খাল পুনরুদ্ধার করা গেলে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন এবং পৌর এলাকার পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধি পাবে। পাশাপাশি স্থির পানির আধার কমে যাওয়ায় মশার প্রজনন হ্রাস পাবে, ফলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের ঝুঁকিও অনেকাংশে কমে আসবে।
এ সময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।