যশোরে শুদ্ধাঙ্গন স্কুলের উদ্যোগে বৃক্ষরোপণ ও শিশুদের চারা বিতরণ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ যশোরে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান শুদ্ধাঙ্গন স্কুলের উদ্যোগে পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ এবং সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রেলগেটে অনুষ্ঠিত এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন শুদ্ধাঙ্গন স্কুলের পরিচালক তন্ময় মন্ডল। তিনি তার স্বাগত বক্তব্যে বলেন, গাছ আমাদের পরিবেশের মূল ভিত্তি। শিশুদের মনে শৈশব থেকেই পরিবেশের প্রতি ভালোবাসা তৈরি করা এবং তাদের মাধ্যমে সমাজের সব স্তরে পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সমাজসেবক আব্দুর রাজ্জাক। তিনি তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমাজের সর্বস্তরের মানুষকে আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজসেবক অভিজিৎ দাস বলেন, একটি চারা গাছ রোপণ করার অর্থ হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করার বিনিয়োগ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজসেবক বিজয় কুমার দত্ত এবং শুদ্ধাঙ্গন স্কুলের শিক্ষক তামিম সালাম অভি। বক্তারা প্রত্যেকেই সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন এবং সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।

আলোচনা সভা শেষে উপস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি চারা রোপণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

পুরো অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন সোহাগ চন্দ্র দাস। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।