সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে নিহত ১, গুলিবিদ্ধ অবস্থায় আটক বাহিনী প্রধান

0
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান

খুলনা ব্যুরো, লোকসমাজ : সুন্দরবনে কথিত বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র বিরুদ্ধে পরিচালিত কোস্টগার্ডের এক অভিযানে একজন নিহত এবং বাহিনীর প্রধান রবিউল ইসলাম গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার গভীর রাতে বন বিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সাকাত সরদার (৪০)। তিনি কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইজহার সরদারের ছেলে। বর্তমানে তিনি তেতুলতলা গুচ্ছগ্রামে বসবাস করতেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানের সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। কোস্টগার্ড মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে রবিউল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নথিতে তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতের উল্লেখ রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়েছে।

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান
বাহিনীর প্রধান রবিউল ইসলাম গুলিবিদ্ধ অবস্থায় আটক- লোকসমাজ

স্থানীয়দের দাবি, মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলামই কথিত ‘দুলাভাই বাহিনী’র প্রধান। তাদের ভাষ্য অনুযায়ী, একসময় সুন্দরবন এলাকায় সক্রিয় ‘ইলিয়াস বাহিনী’র প্রধান ইলিয়াস নিহত হওয়ার পর ২০২৪ সালে তার বোনের স্বামী রবিউল ইসলাম নতুন একটি দল গঠন করেন। পরে স্থানীয়দের মধ্যে দলটি ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিতি পায়।
সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে অভিযানের বিস্তারিত তথ্য কোস্টগার্ড জানাতে পারবে।”
এ বিষয়ে কোস্টগার্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সুন্দরবনে একটি অভিযানের সময় ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। অভিযান এখনও চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।