শার্শায় ড্রেন ভরাটের কারণে ৪০টি পরিবার পানিবন্দী সংবাদে আদালতের স্বপ্রণোদিত আদেশ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের দুটি শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন একমাত্র ড্রেন মাটি দিয়ে ভরাটের কারণে শিক্ষার্থীসহ ৪০টি পরিবারের পানিবন্দী হওয়ার ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্যে থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছে আদালত।

গত ২৪ জুন দৈনিক লোকসমাজ পত্রিকায় শার্শা থানায় ড্রেন ভরাটের কারণে ৪০টি পরিবার পানিবন্দী শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আছাদুল ইসলামের নজরে এলে বৃহস্পতিবার স্বপ্রণোদিত হয়ে তিনি এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, কায়বা ইউনিয়নের রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলমদিনাতুল ফোরকানিয়া কওমী মাদ্রাসা সংলগ্ন এলাকার পানি নিষ্কাশনের একমাত্র ড্রেনটি মাটি দিয়ে ভরাটের কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ আশেপাশের ৪০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

ড্রেনটি ভরাটের কারণে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে আসা -যাওয়া ও জনসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ওই প্রতিবেদনটি কার্যবিধি ১৮৯৮ এর ১৯০(১)(সি) ধারায় আমলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হিসেবে নজরে আসে। প্রতিবেদনে বর্ণিত ঘটনা পর্যালোচনায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১২ ও ১৬ ধারাসহ পেনাল কোডের ২৯০ ধারার অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে মর্মে সন্দেহের যৌক্তিক কারণ রয়েছে। যা তদন্ত হওয়া প্রয়োজন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালত উল্লিখিত ঘটনার তদন্ত করে আগামী ১ জুলাই প্রতিবেদন দাখিলের জন্যে শার্শা থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।