বাগেরহাটে চোরাই কয়লা জব্দের দুইদিন পরে মামলা, ব্যবসায়ী কারাগারে

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের কচুয়ায় দুই ট্রাক চোরাই কয়লা জব্দের দুইদিন পরে থানা পুলিশ মামলা দায়ের করেছে। বুধবার ( ১৪ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাসমিনা খাতুনের নির্দেশে কচুয়া থানার উপপরিদর্শক প্রদীপ কুমার রায় বাদি হয়ে ব্যবসায়ী আব্দুস ছালাম সুমন (৩২)-কে আসামি করে এই মামলা দায়ের করেন। পরে মামলার একমাত্র আসামি আব্দুস ছালাম সুমনকে আদালতে সোপর্দ করা হয়। বাগেরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওসমান গনি ওই ব্যবসায়ীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে সোমবার ( ১২ জুন ) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কচুয়া উপজেলার বাধাল-কচুয়া সড়কের বক্তারকাঠী থেকে কয়লা বোঝাই ট্রাক দুটি জব্দ করে উপজেলা প্রশাসন। সেই সাথে কয়লার ব্যবসায়ী আব্দুস ছালাম সুমনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ব্যবসায়ী আব্দুস ছালাম সুমন কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের ধলু শেখের ছেলে। বাধাল বাজারে তার সারসহ বিভিন্ন ব্যবসা রয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমরা কয়লা বোঝাই ট্রাক ও এক ব্যবসায়ীকে আটক করি। যাচাই-বাচাই শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই ব্যবসায়ীর নামে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.তাসমিনা খাতুন বলেন, ব্যবসায়ী আব্দুস ছালাম সুমনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কয়লা ক্রয় করে এনেছে বলে জানান। কিন্তু ক্যাশমেমো বা কয়লা ক্রয়ের কোন কাগজপত্র দেখাতে পারেননি।