বাগেরহাটের কচুয়ায় ডিজিটাল ল্যাবের ১৯ ল্যাপটপ চুরির ঘটনায় মামলা দায়ের

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের কচুয়ায় বিসি ভাষা মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের ১৯টি ল্যাপটপ চুরির ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে।গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ায় বুধবার বিদ্যালয়ের প্রধান ভুপতি রঞ্জন রায় বাদি হয়ে কচুয়ায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। গত ২৫ জুন রাতের কোনো এক সময় আটটি তালা ভেঙে চোরেরা কৌশলে ল্যাবের ১৭টি ল্যাপটপসহ মোট ১৯টি ল্যাপটপ নিয়ে যায়। চুরির ঘটনা উদঘাটন না করে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি নৈশ প্রহরীর ঘাড়ে দায় চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করেন। চুরির বিষয়টি ধামাচাপা দেয়ায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।
পুলিশ ও অভিবাবকরা জানায়, শিক্ষার্থীদের প্রযুক্তিগত বিদ্যায় পারদর্শী করে গড়ে তুলতে ২০২১-২২ অর্থ বছরে ১৭টি ল্যাপটপ দিয়ে কার্যক্রম শুরু করা হয়। কিন্তু এক বছর যেতে না যেতেই চলতি বছরের ২৫ জুন ডিজিটাল ল্যাবের পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন অসুস্থ নৈশ প্রহরী ফয়জুল হক। রাতের কোনো এক সময় আটটি তালা ভেঙে চোরেরা কৌশলে ল্যাবের ১৭টি ল্যাপটপসহ মোট ১৯টি ল্যাপটপ নিয়ে যায়। সকালে নৈশ প্রহরী ল্যাব এবং ভবনের তালা ভাঙা দেখে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুপতি রঞ্জন রায় কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু আইনি কোনো পদক্ষেপ না নিয়ে রাতেই নৈশ প্রহরীকে আটটি ল্যাপটপ ও ল্যাব সহকারীকে ৫টি ল্যাপটপ কিনে দেয়ার সিদ্ধান্ত নিয়ে বিষয়টির সমাধান করেন। তবে ল্যাপটপ চুরির বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়নি। ঘটনার তিন মাস পরে বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্টদের টনক নড়ে।
ভাষা মাধ্যমিক বিদ্যালয় নৈশ প্রহরী ফয়জুল হক বলেন,জমি এবং গরু বিক্রি করে ৩ লাখ ৮০ হাজার টাকা দিয়ে ৮টি ল্যাপটপ কিনে দিতে বাধ্য হয়েছেন। শুধু চাকরি টিকিয়ে রাখতে শেষ সম্বল টুকু দিয়ে টাকা দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুপতি রঞ্জন রায় বলেন, পরিচালনা পরিষদের সভাপতি সাইফুল ইসলামের সিদ্ধান্ত অনুযায়ী নৈশ প্রহরী ও ল্যাব সহকারীর কাছ থেকে ল্যাপটপ কেনার ব্যবস্থা করে নেয়া হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছায়েদুর রহমান জানান, চুরির বিষয়টি গোপন রেখে কর্তৃপক্ষকে না জানানোয় প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে সুপারিশ পাঠানো হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন হোসেন বলেন, ল্যাপটপ চুরির ঘটনায় দায়েরকৃত মামলার সূত্রধরে পুলিশ তদন্ত শুরু করেছে।