যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী নিহত, হাসপাতালে প্রাণ গেল সেনাসদস্য স্বামীর

0
ঝিনাইদহে যাত্রীবাহী বাসের নিচে মোটরসাইকেল ছিটকে পড়ে জান্নাতুল ফেরদৌস তুলি নামে এক নারী নিহত হয়েছেন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁর সেনাসদস্য স্বামী সোহেল কাজী।। গ্রাফিক্স: লোকসমাজ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তাঁর স্বামী সেনাসদস্য সোহেল কাজী যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তুলি নিহত হন। গুরুতর আহত সোহেল কাজীকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে যশোর সিএমএইচে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান।

নিহত সোহেল কাজী ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা। সোহেল কাজী চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, সকালে সোহেল কাজী স্ত্রী তুলিকে মোটরসাইকেলে নিয়ে নড়াইল থেকে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে ছিটকে পড়ে।

এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তুলি নিহত হন। গুরুতর আহত সোহেল কাজীকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা ওই সড়কে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত সেনাসদস্য সোহেল কাজী যশোর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।