বাগআঁচড়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

0
ছবি: সংগৃহীত।

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার বাগআঁচড়া ডা. আফিল উদ্দীন ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের সাফল্যে মিলনায়তনজুড়ে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। বাগআঁচড়া ডা. আফিল উদ্দীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মাহামুদ আলম।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফাতেমা সুলতানা মুক্তি।

প্রধান অতিথি ড. মাহামুদ আলম বলেন, আজকের এই অর্জন কেবল তোমাদের একার নয়; এর পেছনে রয়েছে শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম। জিপিএ-৫ পাওয়া সফলতার শেষ ধাপ নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা মাত্র। আগামী দিনে সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

প্রধান বক্তা ফাতেমা সুলতানা মুক্তি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা সাফল্য অর্জন করবো, কিন্তু কখনো অহংকারী হবো না। সফলতার জন্য আত্মবিশ্বাস ও ধারাবাহিক পরিশ্রমই সবচেয়ে বড় শক্তি।

অনুষ্ঠানের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা। পরে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মেধা বিকাশের শুভকামনা জানিয়ে উৎসবমুখর আয়োজনের সমাপ্তি ঘটে।