যশোরে সামিনা আক্তার শাম্মি হত্যার বিচার দাবি, স্বামী সুজনের ফাঁসির দাবিতে মানববন্ধন

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে শেখহাটি তমালতলা এলাকার একটি বাসায় স্বামী সুজনের ছুরিকাঘাতে সামিনা আক্তার শাম্মি নিহত হন।

0
যশোরে সামিনা আক্তার শাম্মি হত্যার বিচার ও স্বামী সুজনের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরে সামিনা আক্তার শাম্মি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও আসামি স্বামী সোহানুর রহমান সুজনের সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার রাতে নিহতের মা তাসলিমা বেগম কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

“মেধাবী মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে”—বাবার অভিযোগ

মানববন্ধনে নিহতের বাবা শফিকুল ইসলাম বলেন, তার মেয়ে সামিনা আক্তার শাম্মি ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। বিয়ের মাত্র ছয় মাসের মধ্যেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, মাদকাসক্ত স্বামী সুজন পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করেছে।

তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার এবং আসামির সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) দাবি করেন।

এলাকাবাসী জানান, আটক অবস্থায় থাকা সুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দাবি, ঘটনার পর তিনি হত্যার বিষয়টি স্বীকার করেছেন। দ্রুত তদন্ত ও বিচার সম্পন্ন করার দাবি জানান তারা।

এর আগে শেখহাটি ও তরফ নওয়াপাড়া এলাকা থেকে শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে শহরে এসে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নিহতের নানা আব্দুল আহাদ, মামা জিয়াউর রহমান, খালু সাইদুর রহমান সাবু, চাচা মহসিন আলী, ইয়াসিন আলী, কামরুল হাসান শিমুলসহ অনেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার ভোর সাড়ে ৫টার দিকে শেখহাটি তমালতলা এলাকার একটি বাসায় স্বামী সুজনের ছুরিকাঘাতে সামিনা আক্তার শাম্মি নিহত হন। ঘটনার পর সুজন নিজেও ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে আহত হন।

ওই বাসাটি নিহতের ছোট চাচা আল আমিনের বলে জানা গেছে।