ফেসবুকের কল্যাণে ৮ দিন পর স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী আলাউদ্দিন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ হারিয়ে যাওয়ার এক সপ্তাহ পর ফেসবুকে ছবি দেখে নিজ স্ত্রী মর্জিনা বেগমকে খুঁজে পেলেন যশোরের বাহাদুরপুর গ্রামের স্বামী আলাউদ্দিন। বুধবার দুপুরে চৌগাছার থানাপাড়া মহল্লার বাসিন্দা ব্যবসায়ী বিল্লাল হোসেনের কাছ থেকে মর্জিনাকে যশোরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। মর্জিনা বেগম বেশির ভাগ সময় মানসিক ভারসম্যহীন অবস্থায় চলাচল করেন বলে জানান ব্যবসায়ী বিল্লাল হোসেন।
চৌগাছার থানাপাড়ার বাসিন্দা ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, বুধবার খুব সকাল হতেই ওই নারী তার বাসা ও দোকানের আশপাশে ঘোরাঘুরি করতে থাকেন। তার সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি কোন কথা না বলে শুধু এদিক- ওদিক ঘুরতে থাকেন। কিছু সময় পর বলেন, অনেক দূরে আমার বাড়ি। আমার ৩টি ছেলে- মেয়ে আছে। এরপর আবারও তিনি বাসার সামনে থেকে দোকানের দিকে চলে আসেন। ব্যবসায়ীর বড় মেয়ে বিথি খাতুন ওই নারীর (মর্জিনা বেগম) একটি ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয়ার দু’ঘন্টা পর মর্জিনা বেগমকে তার স্ত্রী বলে দাবি করে ফোন করেন যশোর সদরের বাহাদুরপুর গ্রামের গনি গোলদারের ছেলে আলাউদ্দিন। তিনি মোবাইল ফোনে ঠিকানা নিশ্চিত হয়ে দুপুর ১২ টার দিকে ছুটে আসেন চৌগাছা থানাপাড়া মহল্লায় বিল্লাল হোসেনের বাড়িতে। এ সময় সাথে ছিলেন মর্জিনা বেগমের বড় ভাই আবু তালেব। স্বজনহারা মর্জিনা বেগম স্বজনদের পেয়ে জড়িয়ে ধরেন।
মর্জিনা বেগমের স্বামী আলাউদ্দিন জানান, গত ২৭ জুন সকাল সাড়ে ৬ টার দিকে তার স্ত্রী বাড়ি হতে বের হয়ে আর ফিরে আসেন নি। আমরা সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু কোন সন্ধান পাইনি। এক পর্যায়ে ৩০ জুন যশোর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করি। যার নম্বর ১৯৪৬। জিডি করার পরও আমরা বিভিন্ন জায়গায় খুঁজতে থাকি। বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে ফেসবুকে স্ত্রীর ছবি দেখে দ্রুত যোগাযোগ করি এবং দুপুরের আগেই চলে আসি। আমার দুই ছেলে আরফিন (১৪) ও আবুজার (৫) এবং এক মেয়ে জামিলা খাতুন আছে। তারা মায়ের জন্যে ব্যাকুল হয়ে পড়েছে। এক সপ্তাহ পর তারা মাকে কাছে পাবে। তাই দ্রুতই যশোরের উদ্দেশে মর্জিনাকে নিয়ে তারা রওনা দেন ও ওই ব্যবসায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।