ফুলতলায় নার্সারিতে রাতে আগুন দিল দুর্বৃত্তরা

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা ॥ ফুলতলায় একটি নার্সারিতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার দামোদর হাই স্কুল এলাকায় নূর হোসেন অঞ্জনের ‘আঙিনা কৃিষ নার্সারিতে’ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফুলতলা থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কে বা কারা নার্সারি শেডে ডিজেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে এলাকাবাসী উপস্থিত হয়ে নিভিয়ে ফেলে। ততক্ষণে শেডের পলিব্যাগ প্লাস্টিকের যন্ত্রপাতিসহ নার্সারিতে ব্যবহৃত অন্যান্য সামগ্রীসহ কিছু চারা পুড়ে যায়। এ ঘটনায় অর্ধ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএইড এর অর্থায়নে সরকারের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর ব্যবস্থাপনায় খুলনা-যশোর মহাসড়কের দামোদর হাই স্কুল এলাকায় নূর হোসেন অঞ্জন এ নার্সারিটি গড়ে তোলেন। এখান থেকে আধুনিক প্রযুক্তিতে উন্নত জাতের মৌসুমী ফল, ফুল, সবজির চারা উৎপাদন ও বিপণন হয়ে থাকে। মধ্যরাতে রহস্যজনক এ অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।