ফিলিপিনো বধূকে নিয়ে গ্রামে এলেন মহেশপুরের আকাশ

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ভালোবাসার টানে মালয়েশিয়া প্রবাসী আকাশ মিয়ার সাথে মহেশপুরে এসেছেন ফিলিপাইনের তরুণী (২৮) জনালিন। আকাশ মিয়া মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামের আলমগীর মিয়ার ছেলে।
আকাশ মিয়া জানান, ছয় বছর আগে আর্থিক চাহিদা পূরণের আশায় বুকভরা স্বপ্ন নিয়ে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান। মালয়েশিয়ার মাইনিউ ডটকম কোম্পানিতে কাজ করাকালীন কুয়ালালামপুরের একটি প্রাইভেট ক্লিনিকের সেবিকা খ্রিস্টান ধর্মাবলম্বী ফিলিপাইনি তরুণী জনালিনের সাথে পরিচয় হয় তার। পরিচয় থেকে ভালোবাসায় রুপ নেয় তাদের দুই জনার সম্পর্ক। একসময় সেখানে দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের তিন বছর পর বিদেশি স্ত্রীকে সাথে নিয়ে গত শুক্রবার (১০ মে) গোকুলনগর গ্রামের নিজ বাড়িতে এসে হাজির হন আকাশ।
গত শনিবার (১১ মে) পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাজি অফিসে হাজির হয়ে মুসলিম বিবাহ আইন অনুযায়ী ফিলিপাইনি তরুণীকে ৭৫ হাজার টাকা কাবিনে বিয়ে করেন। ফিলিপাইন নাগরিক জনালিন জানান, তিনি তার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে ইশরাত জাহান নাম রেখে আকাশ মিয়ার সাথে বিয়ে করেন। বিষয়টি ঘিরে এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিবেশ বিরাজ করছে।