প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগ পল্লী পশু ডাক্তারের বিরুদ্ধে

0

স্টাফ রিপোর্টার || প্রথম স্ত্রী শিলা মল্লিককে (৩৪) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের এক পল্লী পশু চিকিৎসকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

চান্দুটিয়া গ্রামের পশু চিকিৎসক আরাধন মল্লিকের কন্যা স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বন্যা মল্লিক জানিয়েছে, তার পিতা পল্লী পশু চিকিৎসক ২/৩টি বিয়ে করেছেন। সর্বশেষ দায়তলা গ্রামে আরো একটি বিয়ে করেন। তাকে ঘরে আনার জন্য চেষ্টা করলে মা শিলা মল্লিকের সাথে তার পিতার বিরোধ শুরু হয় এবং শারীরিকভাবে মারধর করেন।

বন্যা মল্লিক আরো জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে তার মা(শিলা) টিউবওয়েলে পানি আনতে যান। এরপর আর ফিরে আসিনি। পরে মারাত্মক অসুস্থ অবস্থায় উঠনে পাওয়া যায়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্যা মল্লিক বলেন, তার মাকে মেরে ফেলার জন্য তার পিতা যে হুমকি দিতেন শেষ পর্যন্ত তাই ঘটেছে। এ অবস্থায় পিতার কাছে থাকতে তার ভয় হচ্ছে। নানাবাড়ি আশ্রয় নেবে বলে জানিয়েছে একমাত্র কন্যা বন্যা মল্লিক।

মৃত শিলা মল্লিক মাগুরা সদর উপজেলার কেচুয়াকড়ি গ্রামে  ইন্দ্রজিত রায়ের কন্যা। তার ভাই  নিত্যানন্দ রায় জানিয়েছেন, দ্বিতীয় বউকে ঘরে তুলতে না পারার কারণে পশু ডাক্তার আরাধন মল্লিক তার বোনকে পিটিয়ে হত্যা করেছে। শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

কোতয়ালি পুলিশের এসআই নান্টু কুমার বসাক জানিয়েছেন, মৃতের পিঠসহ শরীরের কয়েকটি জায়গায় মারধর করার চিহ্ন রয়েছে। ময়না তদন্ত হচ্ছে। ময়না তদন্ত রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর ঘটনা সন্দেহজনক বলছেন ওই পুলিশ কর্মকর্তা।