প্রথমবার ইশা

0

লোকসমাজ ডেস্ক॥ এই মুহূর্তে লন্ডনে রয়েছেন অভিনেত্রী ইশা সাহা। তার সঙ্গে রয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। আসলে ছবির শুটিংয়ের কারণেই লন্ডনে রয়েছেন তারা। পরিচালক অরিত্র সেনের মিউজিক্যাল ছবির ‘ঘরে ফেরার গান’-এর শুটিং চলছে লন্ডনে। এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধছেন ইশা-পরমব্রত। এই ছবিতে ইশা-পরম ছাড়াও রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। শুটিংয়ের কারণে এই প্রথমবার বিদেশ সফরে গেলেন অভিনেত্রী ইশা সাহা। স্বাভাবিকভাবেই বেশ খুশি অভিনেত্রী।
সেই ছবিও দিয়েছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। পাশাপাশি লন্ডনে যাওয়ার সময় থেকে শুরু করে বিভিন্ন মুহূর্তের ছবি দিয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। লন্ডনে কখনো তিনি ক্রিকেট খেলছেন, কখনো আবার গিটার বাজিয়ে গান করছেন। এককথায় লন্ডনে খোশমেজাজে রয়েছে ইশা-পরম। শোনা যাচ্ছে ডিসেম্বরে শুটিং শেষ করে দেশে ফিরবেন ইশা সাহা। টেলিভিশন থেকে শুরু ইশার অভিনয় ক্যারিয়ার। তারপর ২০১৭ সালে ‘প্রজাপতি বিস্কুট’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ। ছবির সাফল্যের পর ‘সোয়েটার’, ‘গুপ্তধনের সন্ধানে’সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। এ বছর এখনো পর্যন্ত বক্স অফিসে সবথেকে বড় হিট ছবি ‘গোলন্দাজ’-এর নায়িকার চরিত্রে দেখা গিয়েছে ইশাকে।
ইশার ফিল্মি ক্যারিয়ার শুরুর দিক থেকেই ঘরোয়া মেয়ের লুকেই দেখা গিয়েছিল তাকে। তা সে ‘প্রজাপতি বিস্কুট’ হোক কিংবা ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’ ধারাবাহিকের লবঙ্গ। ইশার যে চরিত্রটি এখনো পর্যন্ত সবথেকে জনপ্রিয় হয়েছে সেটি হলো ‘সোয়েটার’ ছবিতে টুকুর চরিত্রটি। সেখানেও ইশা একেবারে পাশের বাড়ির মেয়ে। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ ইশা। বিভিন্ন সময় নিজের নানা ছবি তার অনুরাগীদের সঙ্গে ভাগও করে নেন। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজও কাজ করেছেন ইশা। ‘জাপানি টয়’ সিরিজে ইশার করা কিঙ্কিণীর চরিত্রটি ভালোবাসা পেয়েছিল দর্শকদের কাছ থেকে।