বরিশালকে ইনিংস ও ১৩৫ রানে হারিয়ে এনসিএলে খুলনার বড় জয়

0
অলরাউন্ড নৈপুণ্যে বরিশালকে হারানোর ম্যাচে ৩০ হাজার টাকার প্রাইজমানিসহ ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ (ম্যাচসেরা)-এর ট্রফি ও চেক গ্রহণ করছেন খুলনা বিভাগের অলরাউন্ডার সফর আলী।। ছবি: সংগৃহীত

এনসিএলে খুলনার বড় জয় অর্জনের মধ্য দিয়ে জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের খেলা সম্পন্ন করেছে মোহাম্মদ মিঠুনের দল। প্রথম রাউন্ডের তৃতীয় দিনেই বরিশাল বিভাগকে ইনিংস ও ১৩৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে মৌসুমের দাপুটে সূচনা করেছে খুলনা বিভাগ।

ম্যাচের প্রথম ইনিংসে কালাম সিদ্দিকী অলীনের ৯২ এবং অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ৮৯ রানে ভর করে ৪২৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় খুলনা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে খুলনার বোলিং তোপের মুখে পড়ে বরিশাল এবং দ্বিতীয় দিন মাত্র ৯৪ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৩২ রানে পিছিয়ে থাকা বরিশালের সামনে প্রধান চ্যালেঞ্জ ছিল ইনিংস ব্যবধানে হার এড়ানো। ব্যাট হাতে হাফিজুর রহমান সেই চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। তৃতীয় দিনেই বরিশালের দ্বিতীয় ইনিংস ১৯৭ রানে গুটিয়ে গেলে বড় ব্যবধানের জয় নিশ্চিত করে খুলনা।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরে বরিশালকে হারিয়ে বড় জয় পাওয়ার পর ৮০ হাজার টাকার ‘ম্যাচ উইনিং বোনাস’ চেক গ্রহণ করছেন খুলনা বিভাগীয় দলের অধিনায়ক ও প্রতিনিধিরা।। ছবি: সংগৃহীত

দ্বিতীয় ইনিংসে খুলনার পক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন সফর আলী; প্রথম ইনিংসে ২ উইকেট পাওয়া সফর এই ইনিংসে একাই ৪টি উইকেট শিকার করেন। এছাড়া স্পিনার শেখ পারভেজ জীবন দুই ইনিংসেই ৩টি করে মোট ৬টি উইকেট নিয়ে জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।