শাহরুখ-কাজলকে দিয়ে যাত্রা শুরু, ২২ বছর পর শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’

0
২০০৪ সালে শাহরুখ খান ও কাজলকে দিয়ে যাত্রা শুরু করা ‘কফি উইথ করণ’ ২২ বছর পর শেষ হচ্ছে। পরিচালক ও সঞ্চালক করণ জোহর সিনেমা পরিচালনায় মন দিতে নবম মৌসুমেই এর পর্দা টানছেন।। ছবি: সংগৃহীত

কফি উইথ করণ শেষ হচ্ছে

দুই দশকের বেশি সময় ধরে বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম, বন্ধুত্ব, বিয়ে, বিচ্ছেদ থেকে শুরু করে নানা বিতর্কিত মন্তব্য ও অন্দরমহলের বহু খবরের সাক্ষী হয়েছে যে বিখ্যাত সোফা, এবার সেখানে শেষবারের মতো বসবেন সঞ্চালক করণ জোহর।

২২ বছর সফল পথচলার পর জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’ শেষ হচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তিনি। আগামী ১৪ অক্টোবর স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওহটস্টারে শুরু হতে যাচ্ছে এই অনুষ্ঠানটির নবম তথা শেষ মৌসুম।

তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম, বন্ধুত্ব, বিয়ে, বিচ্ছেদ থেকে শুরু করে নানা বিতর্কিত মন্তব্য—সবকিছুরই সাক্ষী হয়েছে যে সোফা, সেখানে শেষবারের মতো বসবেন করণ জোহর।। ছবি: সংগৃহীত

শাহরুখ ও কাজলকে দিয়ে শুভ সূচনা

২০০৪ সালের ১৯ নভেম্বর স্টার ওয়ার্ল্ডে প্রথম প্রচারিত হয় ‘কফি উইথ করণ’। উদ্বোধনী পর্বের অতিথি ছিলেন শাহরুখ খান ও কাজল, যারা করণ জোহরের সিনেমা পরিচালনার সবচেয়ে পরিচিত ও সফল জুটিগুলোর একটি। প্রথম মৌসুমে আরও এসেছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই ও সঞ্জয় লীলা বানসালির মতো তারকারা।

শুরুর দিকে এই শোর মূল আকর্ষণ ছিল তারকাদের ভিন্নভাবে উপস্থাপন করা। সাধারণ প্রচারণামূলক সাক্ষাৎকারের বদলে তাঁদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, সম্পর্ক, বন্ধুত্ব ও সহকর্মীদের নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ করে দেন করণ। বিশেষ করে ‘র‍্যাপিড ফায়ার’ পর্বটি দ্রুত বিপুল জনপ্রিয়তা পায়, যা অনুষ্ঠানটিকে আলাদা পরিচয় দেয়।

২০০৪ সালে ‘কফি উইথ করণ’-এর উদ্বোধনী পর্বে প্রথম অতিথি হিসেবে হাজির হওয়া শাহরুখ খান ও কাজল।। ছবি: সংগৃহীত

তারকাদের অন্দরমহলের বিশেষ জানালা

দীর্ঘ দুই দশকে এই অনুষ্ঠানের সোফায় বসেছেন বলিউডের প্রায় সব প্রজন্মের শীর্ষ তারকারা। শাহরুখ খান, অমিতাভ বচ্চন, আমির খান, সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, কাজল, রানী মুখার্জি, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, রণবীর সিং থেকে শুরু করে আলিয়া ভাট পর্যন্ত বড় তারকাদের উপস্থিতি দেখা গেছে। কারিনা কাপুর ও কাজল এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি বার আসা অতিথিদের তালিকায় রয়েছেন। করণের প্রশ্ন করার ধরণ, দ্রুতগতির আলাপচারিতা এবং তারকাদের কাছ থেকে অপ্রকাশিত তথ্য বের করে আনার বিশেষ ক্ষমতাই এ শোর মূল আকর্ষণ ছিল।

বিতর্ক ও সংবাদের নিয়মিত শিরোনাম

বিনোদনের পাশাপাশি বিভিন্ন সময় নানা বিতর্কও ছিল অনুষ্ঠানটির নিয়মিত সঙ্গী। সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি ঘটে ২০১৯ সালের ষষ্ঠ মৌসুমে। সেখানে ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের নারীদের নিয়ে করা মন্তব্যের কারণে তীব্র সমালোচনা তৈরি হয়। এর জেরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করে অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরিয়ে আনে। পরবর্তীতে ২০১৯ সালের ২৪ জানুয়ারি তাঁদের ওপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এছাড়া বলিউডের স্বজনপ্রীতি নিয়ে কঙ্গনা রনৌতের মন্তব্য এবং তারকাদের একে অপরকে নিয়ে খোলামেলা মন্তব্য বহুবার সংবাদের শিরোনাম হয়েছে।

টেলিভিশন থেকে ওটিটি মাধ্যমে রূপান্তর

২০১৯ সালে ষষ্ঠ মৌসুম শেষের পর বিরতি দিয়ে ২০২২ সালে অনুষ্ঠানটি টেলিভিশন ছেড়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি+ হটস্টারে স্থানান্তরিত হয়। করণের প্রযোজনা সংস্থা ধর্মাটিক এন্টারটেইনমেন্টের অধীনে ২০২২ সালের ৭ জুলাই সপ্তম মৌসুম শুরু হয়, যার প্রথম পর্বে অতিথি ছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট। ওটিটিতে আসার পর পর্বগুলো তুলনামূলক দীর্ঘ হয় এবং আলোচনার পরিসর বৃদ্ধি পায়। পরবর্তীতে ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া অষ্টম মৌসুমের প্রথম পর্বে একসঙ্গে হাজির হন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন, যেখানে তাঁরা নিজেদের সম্পর্ক, প্রেম ও বিয়ের গল্প নিয়ে খোলামেলা আলোচনা করেন।

অনুষ্ঠানের পোস্টারে করণ জোহর।। আইএমডিবি

অনুষ্ঠান শেষ করার সিদ্ধান্ত ও ভবিষ্যৎ ভাবনা

অনুষ্ঠানটি বন্ধের কারণ ব্যাখ্যা করে করণ জোহর জানান, ২২ বছর ধরে চলা এই শো তাঁর পরিচয়ের বড় অংশ হলেও জীবনের পরবর্তী দশকে তিনি অন্যদিকে মন দিতে চান। বিশেষ করে সিনেমা পরিচালনা ও আরও অনেক গল্প বলাতেই তিনি সময় দিতে চান। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো সফল সিনেমার এই পরিচালক নিজের সৃজনশীল ভবিষ্যৎ ভাবনার কারণেই ভারাক্রান্ত মনে নবম মৌসুমকে শেষ মৌসুম করার সিদ্ধান্ত নিয়েছেন।

শেষ মৌসুমে সোফায় বসবেন কারা

এখন বিনোদনপাড়ায় সবচেয়ে বড় প্রশ্ন—শেষ মৌসুমে করণের সোফায় অতিথি হিসেবে কারা হাজির হবেন? আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নবম মৌসুমের আনুষ্ঠানিক অতিথি তালিকা এখনো প্রকাশ করা হয়নি, তাই শেষ অধ্যায়ে কাদের দেখা যাবে তা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল চলছে।

ভ্যারাইটি অবলম্বনে