অভয়নগরে সার পাচারের দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ অভয়নগরে অনুমতি না নিয়ে সরকারি ইউরিয়া সার গোপনে পাচারের দায়ে আব্দুল মজিদ (৩৩) নামের এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী এ জরিমানা করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে ভৈরব নদের তীরবর্তী শংকরপাশা খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় বিসিআইসির সাথে সম্পাদিত সরকারি ইউরিয়া সার পরিবহন ঠিকাদার মেসার্স টোটাল শিপিং এজেন্সির দুই স্তুপে ৪২০.২ মেট্রিক টন সার না থাকার প্রমাণ পাওয়া যায়। সার না থাকার বিষয়ে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের খুলনা শাখার ইনচার্জ আব্দুল মজিদ ভ্রাম্যমাণ আদালতের কাছে কোনো সদুত্তর দিতে পারেননি।

এ কারণে মেসার্স টোটাল শিপিং এজেন্সির খুলনা শাখার ইনচার্জ আব্দুল মজিদকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী বলেন, সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযোগ স্বীকার করায় এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।