প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমান আর নেই

0
  1. লোকসমাজ ডেস্ক : প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ সাংবাদিক এ্যাডভোকেট তৌহিদুর রহমান আর নেই। সোমবার (৫ অক্টোবর) ভোরে ঢাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
    এ্যাডভোকেট তৌহিদুর রহমান ১৯৩৬ সালের ২২ জুন নড়াইলের মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে যশোরে আয়কর আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ১৯৬০ সাল থেকে তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত হন।
    সাংবাদিকতা জীবনের শুরুতে তিনি অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)-এ দায়িত্ব পালন করেন। পরে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাংবাদিক হিসেবে কাজ করেন। দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে তিনি যশোরের সংবাদজগতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
    আইন ও সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ছিলেন। মানুষের কল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তাঁকে যশোরের মানুষের কাছে স্মরণীয় করে রেখেছে।
    প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে এ্যাডভোকেট তৌহিদুর রহমানের অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। যশোরের সাংবাদিকতা ও পেশাজীবী সমাজে তাঁর দীর্ঘ কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার হয়ে থাকবে।
    তাঁর মৃত্যুতে যশোরের সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
    মরহুম এ্যাডভোকেট তৌহিদুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।