ইতালিতে অভিনেত্রী বাঁধন লাঞ্ছিত, জুলাই আন্দোলনের ক্ষোভ থেকে হামলা ও হেনস্তার অভিযোগ

0
ইতালিতে সফররত অভিনেত্রী আজমেরী হক বাঁধন লাঞ্ছিত ও হামলার শিকার হয়েছেন। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে প্রবাসে তাঁকে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে।। ছবি: সংগৃহীত

ইতালিতে সফররত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ভয়াবহ হামলা ও শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন। পার্ক ভ্রমণের সময় তাঁকে লক্ষ্য করে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারা হয় এবং শারীরিকভাবে হেনস্তা করা হয়। এ সময় তাঁর হাত থেকে মুঠোফোনটি কেড়ে নিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। সোমবার রাতে দেশটির মেস্ত্রে শহরের একটি পার্কে ভাই ও তাঁর পরিবারের সঙ্গে থাকাকালীন একদল প্রবাসী বাঙালি তাঁর ওপর এই হামলা চালায়। ঘটনার সময় অভিনেত্রীর ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল। এ ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন তিনি।

হামলার বিষয়ে বাঁধন জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু বানানো হয়। হামলাকারীরা নিজেদের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয়ে তাঁকে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করে। একই সাথে এই লাঞ্ছনার দৃশ্য মোবাইল ফোনে সরাসরি ভিডিও প্রচার ও ধারণের চেষ্টা চালানো হয়।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এবং একাধিক ভিডিও শেয়ার করে বাঁধন পুরো বিষয়টি প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্ষিপ্ত হয়ে কয়েকজন তাঁর দিকে তেড়ে যাচ্ছেন, ধস্তাধস্তি করছেন এবং তাঁকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিচ্ছেন। ভাইয়ের শিশুসন্তানের উপস্থিতির কথা জানিয়ে তাদের থামানোর চেষ্টা করা হলে উল্টো বলতে শোনা যায়, “কিসের আবার বাচ্চা, ওকে জয় বাংলা বলতে হবে।”

লাইভে অভিনেত্রী জানান, শুধু তাঁর ওপরই নয়, তাঁর সঙ্গে থাকা ভাইয়ের স্ত্রীর ওপরও হাত তোলা ও ধাক্কাধাক্কি করা হয়েছে। এতে তাঁর কানের পাশে আঘাত লাগে এবং জামাকাপড় ভিজে যায়। তবে হামলাকারীদের রাজনৈতিক অবস্থানকে আক্রমণ করে বাঁধন স্পষ্ট কণ্ঠে বলেন, “তারা বলেছে আমি জুলাই যোদ্ধা। হ্যাঁ, আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।”

হামলাকারীদের রুখে দাঁড়িয়ে অভিনেত্রী আরও বলেন, “একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা সারা বিশ্বকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে কীভাবে বিদেশে হেনস্তা করা হলো। আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে বেরিয়ে আসা উচিত ছিল। আপনারা ভেবেছেন এভাবে নিজেদের অবস্থান সুগঠিত করবেন, কিন্তু তা সম্ভব নয়।” লাইভে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছেও ঘটনাটি পৌঁছানোর তাগিদ দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় থেকে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলে আলোচিত হয়েছিলেন বাঁধন। বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবের সম্মানজনক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় সূত্রেই তাঁর ইতালি সফর।