পেশাগত নীতির প্রশ্নে সাংবাদিক মিটু ছিলেন সৎ ও আপোষহীন

0

 

স্টাফ রিপোর্টার ॥ প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক মতিনুজ্জামান মিটুর রুহের মাগফিরাত কামনা করে বৃহস্পতিবার (৬ এপ্রিল)  দোয়া মাহফিল অনুষ্ঠি হয়েছে।
দোয়া মাহফিলে সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, পেশাগত নীতির প্রশ্নে সাংবাদিক মিটু ছিলেন সৎ ও আপোষহীন। বিত্ত-বৈভবের দিকে না তাকিয়ে সাংবাদিকতার আদর্শ আঁকড়ে থাকায় বাস্তব জীবনে অনেক কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়েছে। তার এ আদর্শ থেকে নতুন প্রজন্মের সাংবাদিকদের অনেক শিক্ষার আছে।
সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, প্রয়াত সাংবাদিক মতিনুজ্জামান মিটু ছিলেন, যশোর সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব যশোরে একাধিকবার নির্বাচিত নেতা। আধুনিক প্রেসক্লাবের নকশা, ভিত্তিপ্রস্তর স্থাপনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য।
বক্তারা বলেন, তিনি রাজনীতির সাথে জড়িত থাকলেও সাংবাদিকতা ছিল তার সাথে সব কিছুর ঊর্ধ্বে। প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সহসভাপতি নূর ইসলাম, যশোর জেলা সংবাদপত্র পরিষদ ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক সমাজের কথার সম্পাদক আমিনুর রহমান মামুন, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহসান কবির বাবু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব, জেলা সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনির, প্রেসক্লাব যশোরের সহ সম্পাদক হাবিবুর রহমান মিলন ও দফতর সম্পাদক তৌহিদ জামান।
প্রেসক্লাব যশোরের স সম্পাদক এসএম তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমের একমাত্র কন্যা মার্জিয়া জামান উপস্থিত ছিলেন।
হাফেজ মাওলানা মো. মোক্তার আলী দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। দোয়া মাহফিলের মধ্য দিয়ে সাবেক সম্পাদক মতিনুজ্জামান মিটুর মৃত্যুতে প্রেসক্লাব কর্তৃক গৃহীত তিন দিনব্যাপী শোক কর্মসূচি শেষ হলো। গত ৪ (মঙ্গলবার) এপ্রিল ভোরে মতিনুজ্জামান মিটু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই দিন দুপুরে তার মরদেহ আনা হয় প্রেসক্লাব আঙিনায়। সেখানে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও পত্রিকা দফতরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। পরে আছরবাদ পুরাতন কসবা কাজীপাড়া কাঁঠালতলা জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে কারাবালা কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল। আগামীকাল শুক্রবার পরিারের পক্ষ থেকে কাঁঠালতলা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।