পূর্ব লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ-হাতাহাতি-আটক তিনজন

0
লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভ, ডিম নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ মোতায়েনের পাশাপাশি লন্ডন আওয়ামী লীগ নেতাসহ ৩ জনকে আটক করা হয়েছে।। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর লন্ডন সফরকে কেন্দ্র করে সোমবার পূর্ব লন্ডনে দুই দফা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভের মধ্যে ডিম নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং অন্তত তিনজনকে আটক করা হয়।

এলেম পার্কে প্রথম দফা উত্তেজনা

বিকেল সাড়ে চারটার দিকে ইস্ট লন্ডনের রমফোর্ড এলাকার এলেম পার্কে প্রথম ঘটনাটি ঘটে। হাসনাত আবদুল্লাহ ও তাঁর সহযোগীরা পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন তাঁদের অনুসরণ করে মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে হাসনাত আবদুল্লাহ পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম লাগে। পরে তাঁর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপর এনসিপির আরেক সমর্থকের সঙ্গেও শাহ শামীমের পৃথক উত্তেজনা সৃষ্টি হয়।

মায়েদা গ্রিলে দ্বিতীয় দফা বিক্ষোভ, তিনজন আটক

সন্ধ্যায় ইস্ট লন্ডন মসজিদ-সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল হাসনাত আবদুল্লাহর। এই সভাকে কেন্দ্র করে বিকেল থেকেই রেস্তোরাঁর সামনে উভয় পক্ষের সমর্থকদের ভিড় বাড়তে থাকে। যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেন এবং একপর্যায়ে এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং বক্তব্য দেন। অনুষ্ঠান শেষেও পুলিশি নিরাপত্তার মধ্যেই স্থান ত্যাগ করেন তিনি।

বিক্ষোভের প্রেক্ষাপটে পুলিশ তিনজনকে আটক করে। আটকদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তুলতে দেখা গেছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

দুই পক্ষের বক্তব্য

এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে দাবি করেছে, সোমবার এলেম পার্ক এলাকায় হাসনাত আবদুল্লাহ ও এহতেশামুল হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী বিশৃঙ্খলা ও উসকানিমূলক আচরণের চেষ্টা করেন। এটিকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে সংগঠনটি বলেছে, আওয়ামী লীগ এখনো ভীতি প্রদর্শন ও অসহিষ্ণুতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।

ন্যদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, হাসনাত আবদুল্লাহর লন্ডন সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেয়নি। তবে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনার প্রতিবাদে যুক্তরাজ্যের ছাত্র ও যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়ে থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে।