আওয়ামী লীগের রাজনীতি চিরতরে শেষ হয়ে গেছে : রাশেদ খান

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে শেষ হয়ে গেছে। তিনি বিশ্বাস করেন না যে, আওয়ামী লীগ আর কখনও দেশের রাজনীতিতে ফিরতে পারবে। তিনি মন্তব্য করেন আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে দাফন হয়েছে।

রাশেদ খান বৃহস্পতিবার ঝিনাইদহ সফরকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি এনসিপি ও জামায়াতে ইসলামীর রাজনীতির তীব্র সমালোচনা করে বলেন, এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে আসলে ‘নতুন ভণ্ডবস্তের’ রাজনীতি শুরু করেছে। তার দাবি, এনসিপির রাজনীতি এখন জামায়াতের পরামর্শে ও মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। তিনি জামায়াতকে একটি চালাক ও ধুরন্ধর দল হিসেবে বর্ণনা করেন এবং এনসিপিকে গঠনমূলক রাজনীতি করার পরামর্শ দেন।

এনসিপির কিছু নেতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে বলে অভিযোগ করেন রাশেদ খান। তিনি বলেন, এনসিপি নেতা নাসিরউদ্দীন পাটওয়ারী সহ অন্যান্য নেতারা দেশের বিভিন্ন এলাকায় গিয়ে এমপি ও মন্ত্রীদের গালিগালাজ করছে। রাশেদ খান সতর্ক করে বলেন, এনসিপির নেতৃবৃন্দ যদি রাজনীতির পরিবেশ নষ্ট করে, তাহলে তার ‘উত্তম জবাব’ ও জামায়াত-এনসিপির সকল ষড়যন্ত্রের ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার জন্য তারা প্রস্তুত আছেন।

প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি করেন না উল্লেখ করে রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন এবং দেশটা সবাইকে নিয়ে মিলেমিশে গড়ার কথা বলছেন। তিনি আরও যোগ করেন, শেখ হাসিনা অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ভেঙে গেছে।

এর আগে রাশেদ খান জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন।

সভায় রাশেদ খান জেলার সার্বিক উন্নয়ন এবং মাদকের বিস্তার রোধে পুলিশ ও প্রশাসনের সমন্বিত পদক্ষেপের ওপর জোর দেন।