পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়

0
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ।। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে উল্লেখ করে তিনি পুলিশ বাহিনীকে পেশাদারত্ব বজায় রেখে সততা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে দেশের অন্যান্য অনেক প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই প্রেক্ষাপট থেকে বের হয়ে বাহিনীর মনোবল পুনঃপ্রতিষ্ঠাসহ একটি দক্ষ, যুগোপযোগী ও আধুনিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ইতোমধ্যে জনবল বৃদ্ধিসহ নানাবিধ কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

পুলিশ বাহিনীর প্রশাসনিক শৃঙ্খলা ও পেশাদারত্ব ফিরিয়ে আনতে নতুন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার পুলিশে পুরস্কার ও তিরস্কারের কঠোর নীতি চালু করেছে। এরই অংশ হিসেবে সাহসিকতা, দক্ষতা ও প্রশংসনীয় কাজের চমৎকার স্বীকৃতিস্বরূপ যেমন পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে, ঠিক তেমনই শৃঙ্খলাভঙ্গ ও যেকোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দেশের সার্বিক নিরাপত্তার চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের প্রধান ও মৌলিক অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে সাধারণ জনমনে স্বস্তি ও শান্তি প্রতিষ্ঠা করা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি অগ্রগণ্য। তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের আইনানুযায়ী নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।