আগস্টেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, জোরালো আলোচনায় মির্জা ফখরুল

0
আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হতে পারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল ।। ছবি: সংগৃহীত

আগামী আগস্ট মাসেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার চিন্তাভাবনা করছে সরকার। সরকার–সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একটি সূত্র নিশ্চিত করেছে, জাতীয় সংসদের পরবর্তী নিয়মিত অধিবেশনের জন্য অপেক্ষা না করে আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠিক ঘোষণা দেওয়া হয়নি।

গত ২৪ জুলাই শুক্রবার বিকেলে তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হয়। বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার নিয়ম রয়েছে।

এদিকে সংসদীয় রাজনীতি ও বিএনপির নীতিনির্ধারণী মহলে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দল পরিচালনা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতার কারণে তিনি আলোচনার শীর্ষে রয়েছেন। অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলসহ অনেকেই তাঁকে রাষ্ট্রপতি পদে উপযুক্ত মনে করছেন। তবে দলের জাতীয় স্থায়ী কমিটিতে এখনো এ বিষয়ে চূড়ান্ত বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

গতকাল শনিবার বগুড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি বাইরের কাউকে প্রার্থী করা হবে, সে সিদ্ধান্ত সংবিধান ও আইন অনুযায়ী বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই নেওয়া হবে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শক্রমে স্থায়ী কমিটির বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হন, তবে দল ও সরকারে বড় ধরনের প্রশাসনিক ও সাংগঠনিক রদবদল আনতে হবে। সে ক্ষেত্রে তাঁকে তাঁর বর্তমান দায়িত্ব—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর পদ ছাড়তে হবে। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদে নতুন মুখ আনতে হবে এবং সংবিধান অনুযায়ী তাঁর শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের আয়োজন করতে হবে।

অন্যদিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ইসি পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। গতকাল সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসি প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে তিনি জানান, স্পিকারের সঙ্গে পরামর্শক্রমেই দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে। সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের ভোটার তালিকা পেলেই তফসিল ঘোষণা করা হবে। যদি একক প্রার্থী থাকেন তবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন, আর একাধিক প্রার্থী থাকলে সংসদে গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হবে।