নদীর তলদেশে পাইপ কেটে গ্যাস চুরির চেষ্টা

0
কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্রহ্মপুত্র নদের তলদেশে লিক হওয়া গ্যাস সঞ্চালন লাইন মেরামতের চেষ্টা করছেন তিতাস গ্যাসের কর্মীরা।। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্রহ্মপুত্র নদের তলদেশে থাকা ৮ ইঞ্চি ব্যাসের একটি গ্যাস সঞ্চালন লাইন কেটে অনিয়মতান্ত্রিকভাবে সংযোগ নেওয়ার অপচেষ্টায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। অবৈধ এই তৎপরতার কারণে গত দেড় মাস ধরে নদের তলদেশ থেকে অনবরত গ্যাস উদগিরণ হচ্ছে, যা ঘিরে স্থানীয় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছে কটিয়াদী উপজেলার কাজীরচর বাজারের কাছাকাছি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীর মনোহরদী থেকে কিশোরগঞ্জ শহরে নেওয়া তিতাসের এই সঞ্চালন লাইনটি প্রায় চার দশক ধরে চালু রয়েছে। সম্প্রতি কাজীরচর এলাকায় সুনামগঞ্জের ছাতক উপজেলার বাজনা মহল এলাকার দেলোয়ার হোসেন তালুকদার নামে এক ব্যক্তি ১৭ শতাংশ জমি ভাড়া নিয়ে একটি চুনের কারখানা স্থাপনের উদ্যোগ নেন।

এলাকাবাসীর অভিযোগ, চুনের কারখানার আড়ালে রাতের আঁধারে চোরাই পথে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা চালানো হয়। তবে বৃষ্টির কারণে নদের পানি বেড়ে গেলে তারা কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে যায়। এরপর থেকেই কাটা পাইপলাইন দিয়ে অবিরাম গ্যাস বের হতে থাকে। গ্যাসের অতিরিক্ত চাপে নদের পানি ছিটকে উঠছে এবং চারপাশে প্রচণ্ড ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ছে।

খবর পেয়ে গত দুই সপ্তাহ ধরে তিতাস গ্যাস কোম্পানির কর্মীরা দুর্ঘটনাস্থল মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ময়মনসিংহের ভালুকা জোনের ডিজিএম (উপমহাব্যবস্থাপক) সুমেধ মনি চাকমা জানান, “বর্ষার পানি ছাড়াও নদীর তলদেশে বালু থাকায় কাজ করা যাচ্ছে না। একদিকে সেচ করা হচ্ছে, অন্যদিকে বালু চুয়ে পানি ঢুকে যাচ্ছে।” তবে অতি দ্রুত মেরামত কাজ সম্পন্ন করে তিতাস কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

ঘটনাটি সরেজমিনে পরিদর্শন করেছেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ ও অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ হাসান খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ এ বিষয়ে বলেন, “এতদিন ধরে পাইপলাইন কাটার মতো বড় একটা অপরাধ হচ্ছে। কিন্তু এলাকাবাসী কেউ টের পেল না, প্রশাসনকেও জানাল না; এটি বিস্ময়কর।”

তিনি আরও নিশ্চিত করেন, তিতাসের পক্ষ থেকে নির্দিষ্ট অভিযোগ পেলে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। বর্তমানে অভিযুক্ত দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।