শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ ৫ আসামি ১০ দিনের রিমান্ডে

0
১৩ মামলার আসামি ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ।। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা পৃথক হত্যা ও অস্ত্র আইনের মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচজনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

রোববার (২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত প্রধান আসামি মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন (২৫) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।

মামলার রিমান্ড আবেদনের বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র মামলায় আসামি ডেভিড ইমনের বিরুদ্ধে প্রতিটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ তাঁর চার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও ধারাবাহিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার হওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য মতে, শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র এবং চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া সাম্প্রতিক একাধিক হত্যাকাণ্ডে তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার বিষয়ে গভীর তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।