প্রাথমিক শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: আন্দোলন ও ভার্চ্যুয়াল সভার পর নতুন প্রজ্ঞাপন জারি

0
প্রাথমিকে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নতুন যোগদানের তারিখ ১ অক্টোবর: গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি ।। ছবি: সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নতুন তারিখ ঘোষণা করেছে সরকার।
আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এসব শিক্ষকদের যোগদান সম্পন্ন করতে হবে।
আজ রোববার (২ আগস্ট ২০২৬) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর নিয়োগযোগ্য শূন্য পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখে নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।

প্রার্থীদের নির্ধারিত সময় অনুযায়ী ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে এবং জেলা অফিসে যোগদানের পরপরই তাঁদের পদায়ন ও পরবর্তী ধাপে প্রশিক্ষণ কার্যক্রমে পাঠানো হবে।

এর আগে গতকাল শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি জরুরি ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সচিব মো. সাখাওয়াৎ হোসেন জানিয়েছিলেন, সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্ত ও অন্যান্য প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে বিলম্ব হওয়ায় প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ অক্টোবরে যোগদানের কথা ভাবা হয়েছিল।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে প্রকাশিত ও উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত সরকারি প্রজ্ঞাপন।। ছবি: সংগৃহীত
তবে শিক্ষক প্রার্থীদের লাগাতার আন্দোলনের মুখে আজ রোববার জরুরি বিজ্ঞপ্তি জারি করে তারিখ এগিয়ে ১ অক্টোবর নির্ধারণ করল মন্ত্রণালয়।

অন্যদিকে, দ্রুত পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে আজ রোববার (২ আগস্ট) থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা। জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনরত শিক্ষকদের দাবি ছিল, মৌখিক কোনো আশ্বাস বা সংবাদমাধ্যমের বিবৃতিতে কাজ হবে না। চলতি আগস্ট মাসের মধ্যেই তাঁদের যোগদান ও পদায়ন নিশ্চিত করে সুনির্দিষ্ট তারিখসহ সরকারি ওয়েবসাইটে লিখিত প্রজ্ঞাপন জারি করতে হবে। শিক্ষকদের এই আন্দোলনের মধ্যেই আজ মন্ত্রণালয়ের নতুন লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।