পিতার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ পিতার লাশ বাড়িতে রেখে একমাত্র ছেলে ফয়সাল ইসলাম জিম চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন। পরীক্ষার খাতায় কলম রেখেছে। কিন্তু কলম যেন সরছিল না। একটি অক্ষর লিখছে আর চোখের পানিতে ভিজেছে পরীক্ষার খাতা। বৃহস্পতিবার ইংরজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় চৌগাছার এবিসিডি কলেজ কেন্দ্রে বেদনাদায়ক এই ঘটনাটি ঘটেছে। তারপরও হল সচিব থেকে শুরু করে কক্ষ পরিদর্শক এমনকি সহপাঠিদের আন্তরিকতায় পরীক্ষা শেষ করেই ছুটে এলেন পিতার লাশের পাশে। জিমের বুকফাটা আর্তনাদে সেখানে উপস্থিত সকলের চোখের পাঁপড়ি ভিজে উঠে।
চৌগাছার ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামের মৃত হাজী অমেদ আলী বিশ্বাসের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ঠিকাদার শফিকুল ইসলাম (৫৫) বৃহস্পতিবার রাত ১ টা ৪০ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত শফিকুল ইসলামের একমাত্র ছেলে ফয়সাল ইসলাম জিম। তিনি এসএম হাবিবুর রহমান পৌর কলেজ হতে বাণিজ্য বিভাগে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তার পরীক্ষা কেন্দ্র ছিল হাকিমপুরের এবিসিডি কলেজে। প্রিয় সন্তান পিতার লাশের পাশে সারারাত বসে শুধুই অঝোরে কেঁদেছেন। রাত পোহালে তার ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা। প্রতিটি পরীক্ষায় পিতা তাকে সাথে করে কেন্দ্রে নিয়ে গেছেন। তাই পিতাকে রেখে তিনি কোনভাবেই পরীক্ষা কেন্দ্রে যেতে চাননি। একপর্যায়ে পরিবারের অন্য সদস্যদের অনুরোধে চাচাতো ভাই ও বোনাইকে সাথে নিয়ে যান পরীক্ষা কেন্দ্রে। সকাল ১০ টায় যথারীতি পরীক্ষা শুরু হয়। কিন্তু জিমের যেন কোন কিছুই মনে পড়ছিল না। খাতার দিকে তাকালেই পিতার মুখটি তার সামনে ভেসে উঠছিল। তখনই ডুকরে ডুকরে ছোট্ট শিশুর মত কেঁদে উঠছিল পিতাহারা সন্তান ফয়সাল ইসলাম জিম। জিমের সাথে কথা বলে জানা গেছে, তিনি পরীক্ষায় লিখেছেন। তবে পুরো সময় জুড়ে তার সামনে পিতার মরা মুখটি ভেসে উঠেছে।
জিমের পরীক্ষার রুমের পরিদর্শক মারুফুল ইসলাম মারুফ বলেন, পিতার অকাল মৃত্যুতে ছেলেটি চরমভাবে ভেঙ্গে পড়েছে। তাকে আমরা সমবেদনা জানিয়েছি এবং সুন্দরভাবে পরীক্ষা দেয়ার সাহস দিয়েছি। এসএম হাবিব পৌর কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন, রাতেই আমি মারা যাওয়ার খবর পেয়ে সকালে মরহুমের গ্রামের বাড়িতে ছুটে যাই। পরীক্ষা শুরু হলে কেন্দ্রে গিয়ে আমার ছাত্র জিমের সাথে দেখা করে ওকে সান্ত্বনা দিয়ে এসেছি।
এবিসিডি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার মন্ডল বলেন, সকালে কলেজে এসে বেদনাবিধুর এই খবরটি আমরা জানতে পারি। আমি ব্যক্তিগতভাবে ছেলেটির সাথে কথা বলেছি এবং সুন্দরভাবে পরীক্ষা দিতে বলেছি। পিতার লাশ বাড়িতে রেখে সন্তানের পরীক্ষায় অংশ নেয়া নিঃসন্দেহে অনেক কষ্টের একটি বিষয়।
মরহুম শফিকুল ইসলামের ভাতিজা আক্তারুজ্জামান তুহিন বলেন, চাচা বুধবার এশার নামাজ মসজিদে জামাতে আদায় করে বাড়িতে এসে বুকে ব্যথা অনুভব করেন। ক্রমশ ব্যথা বাড়তে থাকায় প্রথমে চৌগাছা হাসপাতালে পরে যশোর ইবনেসিনা হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে ভর্তি করা হয় যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নিজ গ্রাম ভাদড়ায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।