পানি ঘোলা করা নিয়ে যুবকের আঘাতে শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ও শৈলকুপা সংবাদদাতা॥ ঝিনাইদহের শৈলকুপায় আসিফ (১১) নামে এক শিশু খুন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মনোহরপুর গ্রামের কুমার নদে এই ঘটনা ঘটে। আসিফ মনোহরপুর গ্রামের মহিদুল ইসলাম জুনুর ছেলে।
শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, শিশু আসিফ মঙ্গলবার দুপুরে ছিপ দিয়ে কুমার নদে মাছ ধরছিল। এসময় মনোহরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে সনি (২০) কুমার নদে নেমে পানি ঘোলা করছিল। এতে আসিফের মাছ ধারা বাধাগ্রস্থ হচ্ছিল। আাসিফ পানি ঘোলা করতে নিষেধ করলে সনির সঙ্গে তার বাদানুবাদ হয়। এক পর্যায়ে সনি নদের পাড়ে থাকা ধারালো বাঁশের খোপা দিয়ে আসিফের ঘাঁড়ে আঘাত করে। আঘাতে বাঁশের সুঁচালো অংশ আসিফের ঘাড়ে ঢুকে যায়। কেউ খবর না পাওয়ায় আহত হয়ে শিশু আসিফ দীর্ঘক্ষন সেখানেই পড়ে ছিল। এতে রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, পুলিশ পাঠিয়ে আসিফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্ত সনিকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান। তবে এ ঘটনায় গতকাল পর্যন্ত শৈলকুপা থানায় কোন মামলা হয়নি।