নড়াইলের ৫ শিক্ষক কর্মকর্তা আর পাবেন না পরীক্ষার দায়িত্ব

0

 

লোকসমাজ ডেস্ক॥ চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন নড়াইল জেলার কালিয়া উপজেলার দুই বিদ্যালয়ে অনয়িম ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে স্কুল দুটির প্রধান শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসারসহ পাঁচ শিক্ষক-কর্মকর্তাকে পরীক্ষা কেন্দ্রে ভবিষ্যতে কোনও দায়িত্ব পালন করতে না দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি এই নির্দেশনা দিয়ে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। এই পাঁচ জন হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. নাজমুল ইসলাম এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিপ্তী রাণী বৈরাগী। নড়াইল জেলার কালিয়া উপজেলার বাঐ সোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রধান শিক্ষক অমলেন্দু হিরা, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার এস এম শরাফত হোসেন এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম।  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পাঠানো গত ৩১ অক্টোবরের চিঠিতে বলা হয়, চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন নড়াইল জেলার কালিয়া উপজেলাধীন কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং বাঐ সোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে অনিয়ম ও অব্যবস্থাপনা সংক্রান্ত প্রতিবেদনে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট অনিয়মে যুক্ত ছিলেন প্রতীয়মান হয়। এ কারণে ভবিষ্যতে তাদের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত দায়িত্ব না দেওয়ার অনুরোধ করা হলো। প্রসঙ্গত, নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি প্রশ্নপত্র (এমসিকিউ) বিতরণ করা হয়। এছাড়া অনিয়মের অভিযোগ উঠে বাঐ সোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বিরুদ্ধে। এই অভিযোগে শিক্ষা বোর্ড নির্ধারিত দিনে অনুষ্ঠিতব্য বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্রের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করে। পরে পরীক্ষাটি নেওয়া হয়।