নির্যাতন আসবে, তবুও আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি নিতে হবে: নুর

0

লোকসমাজ ডেস্ক॥ ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, ‘নির্যাতন আসবে, তবুও আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। এ ব্যাপারে আপনারা আওয়ামী লীগের কাছ থেকে রাজনৈতিক শিক্ষা নেন।’ তিনি বলেন, ‘৭৫ থেকে ৯৬ পর্যন্ত ২৫ বছর এই আ’লীগের নাম কেউ মুখে নিতে পারেনি। তখন তারা চাইলেই যা ইচ্ছা করতে পারেনি। সেই আ’লীগ আজ জোর করেই রাষ্ট্র পরিচালনা করছে।’ শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ উদ্যোগে নির্বাচনী সহিংসতা বন্ধের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নুর বলেন, ‘আওয়ামী লীগকে বাতিল করা আমাদের লক্ষ্য-উদ্দেশ্য না। আমাদের লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে বিদেশের তাবেদারি শক্তির হাত থেকে দেশকে রক্ষা করা।’
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এটাই শেষ নয়, নিষেধাজ্ঞা আরও আসবে। আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাঁচে বাংলাদেশ কোন দিকে যাবে, সেটা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যদি দেশে গণতন্ত্র থাকে। নেতাকর্মীদের উদ্দেশে নুর বলেন, ‘আমি জানি, আপনারা নির্যাতিত হচ্ছেন। আমিও কম নির্যাতিত হইনি। কিন্তু কারও সঙ্গে কোনো আপস করিনি। এই নির্যাতনের বিনিময়ে এ দেশের মানুষ মুক্তি পাবে।’ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।