নানা আয়োজনে কুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত

0

 

বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে বৃহস্পতিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)এর ১৯তম বর্ষপূর্তি, বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম। দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয় দিবস উদ্্যাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. শাহজাহান আলী। পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি শুরু হয়ে ফুলবাড়িগেট ঘুরে ক্যাম্পাসে এসে শেষ হয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মো. গোলাম কাদের, রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান আলী। দুপুের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন বাগানে বৃক্ষ রোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূিচ পালিত হয়। বিকালে দর্শনার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ল্যাবসমূহ উন্মুক্ত করণ এবং বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষক-কর্মকর্তা বনাম ছাত্র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ।
উল্লেখ্য, ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে, ১৯৬৮ সালে ভিত্তি প্রস্তর স্থাপন এবং ১৯৭৪ সালের ৩ জুন একাডেমিক কার্যক্রম শুরু হয়ে ১৯৮৬ সালের ১ জুলাই এ প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজী (বিআইটি) খুলনায় পরিণত হয় এবং ২০০৩ সালের ১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।- বিজ্ঞপ্তি